আর্থিক তছরুপের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্ররত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি (Enforcement Directorate)। এই নিয়ে চলছে মামলা। আজ, শনিবার সেই মামলার শুনানি শেষে মামলার রায়দান স্থগিত রাখল দিল্লির আদালত (Delhi Court)। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনই এই মামলার রায় দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার মামলার শুনানি চলছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভিনিউ আদালত। সেই অনুযায়ী আজ, শনিবার আদালতে মামলাটির শুনানি হয়। সকাল সাড়ে ১০টার পর শুনানি শুরু হয়েছিল। তা চলে প্রায় দেড় ঘণ্টা মতো।
এদিন শুনানি চলাকালীন অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল-সহ অন্যান্যরা বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তারা দাবী করেন যে এই মামলার শুনানি রাউস অ্যাভিনিউ আদালতে কীভাবে চলতে পারে। তাদের কথায়, আর্থিক তছরুপের ঘটনা যেখানে ঘটেছে, সেখানেই এই মামলার শুনানি হওয়া উচিত।
তবে ইডির আইনজীবীরা পাল্টা দাবী করেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য নিয়ম প্রযোজ্য নয়। এদিনের শুনানির পর এটা নিশ্চিত যে আজ, শনিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে না। আগামী সোমবার তাঁর ভাগ্য নির্ধারণ হবে।
বলে রাখি, এর আগে ইডির করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে অনুব্রত যে মামলা করে, তাঁর সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর দিল্লির আদালত অন্য মামলায় রায়দান স্থগিত রাখল।





