স্ত্রীয়ের সঙ্গে তুমুল ঝগড়া। রাগের মাথায় নিজের দু’বছরের ছেলেকে চারতলা বাড়ির বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিলেন বাবা। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজিতে। ছেলেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর নিজেও বারান্দা থেকে ঝাঁপ দেন বাবা, এমনটাই জানা গিয়েছে।
গুরুতর আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দু’জনকেই নয়াদিল্লির এইমসে ভর্তি করা হয়। ট্রমা সেন্টারে চিকিৎসা চলছে দু’জনেরই।
দিল্লি পুলিশ সূত্রে খবর গতকাল, শুক্রবার রাত ১০টা ৩৮ মিনিট নাগাদ তাদের কাছে প্রথম এই অভিযোগের কথা এসে পৌঁছয়। কালকাজির সর্বোদয় ক্যাম্প এলাকায় পৌঁছে বছর ৩০-এর মান সিংকে উদ্ধার করে দিল্লি পুলিশ। প্রায় ২১ ফিট নীচে সে তাঁর শিশু সন্তানকেও ছুড়ে ফেলে দেয় বলে জানতে পারে পুলিশ।
আহত শিশুর মা পুলিশকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল। তারাবেশ কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন । স্বামীর সংসার ছেড়ে দুই সন্তানকে নিয়ে কালকাজিতে দিদিমার বাড়িতে ওঠেন ওই মহিলা।
গতকাল সন্ধ্যেয় কালকাজিতে স্ত্রীয়ের দিদার বাড়িতে যান অভিযুক্ত। ফের দু’জনের মধ্যে বচসা হয়। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রায় প্রায় সাড়ে ১০টা নাগাদ নিজের শিশু সন্তানকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দেন অভিযুক্ত। সেই ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।





