করোনার দোসর ডেঙ্গি, রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ, উদ্বেগ উত্তর ২৪ পরগণা ও কলকাতায়

রাজ্যে ক্রমেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গির প্রকোপ। করোনার মতো এবার ডেঙ্গি নিয়েও চিন্তা বেড়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণার স্বাস্থ্য দফতরে। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন। এদের মধ্যে ১৩৬ জন হলেন উত্তর ২৪ পরগণার। কলকাতায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ১১৪ জন।

এই দুই জেলা তো বটেই, মালদাতেও বেড়েছে ডেঙ্গির প্রকোপ। জানা গিয়েছে, গত সপ্তাহতেই মালদায় ৫২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এদিকে আবার হাওড়াতেও ডেঙ্গির প্রকোপ ক্রমেই বাড়ছে। ডেঙ্গিতে ৮ বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে হাওড়ায়, এমন খবরও মিলেছে। হাওড়ার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে কমপক্ষে ২২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২,৭২৫ জন।

রাজ্যে একদিকে যখন এভাবে ডেঙ্গি আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক সেই সময়ই কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের মহাদেব বস্তিতে দেখা গেল এক ভয়ঙ্কর ছবি। জানা গিয়েছে, মহাদেব বস্তির প্রায় ৫০০ পরিবার বিগত ১২ দিন ধরে নোংরা-আবর্জনা ভর্তি জলের মধ্যে আটকে আছে। এলাকা মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। আর এর জেরে বাসিন্দারা ম্যালেরিয়া, ডেঙ্গির আতঙ্কে ভুগছে।

স্থানীয়দের মতে, বিবাদী বাগ-জোকা  মেট্রো তৈরির কাজ চলছে। সেই কাজ করতে গিয়েই ভূগর্ভের নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আর এর ফলেই বেড়েছে এই জল যন্ত্রণা। তারা এই জল যন্ত্রণা থেকে আদৌ কবে মুক্তি পাবেন, এখন সেই প্রশ্নই বাসিন্দাদের মুখে মুখে। তাদের অভিযোগ, কলকাতা পুরসভার এই ব্যাপারে কোনও ভ্রূক্ষেপই নেই।

RELATED Articles