এবার ছবি চুরির দায়েও অভিযুক্ত শাসক। বিজ্ঞান মঞ্চের ছবি পোস্ট করে রাজ্য সরকারের গুণগান গাইলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আমফান বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ দিয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আর সেই ছবিই রাজ্য সরকারের নামে চালিয়ে দিলেন তৃণমূলের তাবড় নেতা।
আমফান আছড়ে পড়ার পর বিভিন্ন এলাকার বিধ্বস্ত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন। ত্রাণ পাঠিয়ে সাহায্য করেছে বিজ্ঞান মঞ্চও। এরইমধ্যে গত ৩১ মে তৃণমূলের রাজ্যসভার সাংসদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ত্রাণ বিলির চারটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, ‘এক সপ্তাহ আগে তোলা কয়েকটা ছবি শেয়ার করছি। সুন্দরবন একটা ইউনেস্কোর হেরিটেজ সাইট। আমফানে ক্ষতিগ্রস্ত বা ভেঙে পড়া ১০ লাখ পর্যন্ত বাড়ি মেরামতের জন্য প্রত্যেককে ২০,০০০ টাকা দেওয়া-সহ রাজ্যের ত্রাণকার্যে ৬,২৫০ কোটি টাকা বরাদ্দ (করেছে) রাজ্য।’
কিন্তু সেই ছবি ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। অনেকেই দাবি করেন, ছবিগুলি আদতে বিজ্ঞান মঞ্চের। নাম কামানোর জন্য বিজ্ঞান মঞ্চের ছবি ব্যবহার করে রাজ্য সরকারের ঢাক পেটাচ্ছেন ডেরেক। সোনালি দাস শর্মা নামে একজন বলেন, ‘শেষে ছবি চুরি? তা চুরি করলেন কেন? মুখগুলো পাল্টে আঁকিয়ে নিলেই তো পারতেন।’
বিষয়টি নিয়ে বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের তরফে জানানো হয়েছে, তৃণমূল সাংসদ যে ছবিগুলি পোস্ট করেছেন, তার মধ্যে দুটি ছবিতে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা রয়েছেন। তাঁরা কেউই সরকারের প্রতিনিধি নন। বিজ্ঞান মঞ্চের তরফে নিজ উদ্যোগে হিঙ্গলগঞ্জের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সেজন্য কোনও সরকারি সাহায্যও মেলেনি।
তবে বিষয়টি নিয়ে টুঁ শব্দটি করেননি তৃণমূল সাংসদ। ফেসবুক থেকে ছবিগুলি সরিয়েও দেননি।





