Dev : টিউশনে গিয়ে নিখোঁজ কিশোরী, পুলিশের নীরবতায় দেবের শরণাপন্ন পরিবার!

ঘাটালের গায়ে যেন নেমে এসেছে এক অজানা আতঙ্ক। টিউশনে বেরিয়ে যাওয়ার পর আর ফিরেই আসেনি একটি নাবালিকা মেয়ে। এদিকে বারবার অভিযোগ জানানোর পরেও মেলেনি কোনও সুরাহা। মেয়ের খোঁজে কাতর বাবা-মা, অবশেষে আশার আলো খুঁজে পৌঁছে গেলেন সাংসদ দেবের কাছে। বললেন, ‘‘আমার মেয়েকে খুঁজে দিন…’’ আর সেই কান্নাভেজা আর্তিই মন ছুঁয়ে গেল দেবের।

বুধবার ঘাটালের বীরসিংহে নিজের সংসদীয় এলাকায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। সেখানেই হঠাৎ তাঁর কাছে এসে পড়েন এক মহিলা ও তাঁর স্বামী। কাঁদতে কাঁদতে দেবের সামনে তাঁরা জানান, তাঁদের মেয়ে প্রায় ১৯ দিন ধরে নিখোঁজ। পুলিশে জানিয়েও কোনও ফল পাননি তাঁরা। মায়ের কাতর প্রার্থনা, ‘‘দয়া করে আমাদের মেয়েকে ফিরিয়ে দিন।’’ দেবকে পায়ে পড়ে সেই আকুতি জানান তিনি। দেবও তাঁদের ধৈর্য ধরার কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১১ জুলাই বিকেলে টিউশন পড়তে গিয়েই নিখোঁজ হয়ে যায় খড়া পৌর এলাকার বাসিন্দা ওই নাবালিকা। দশম শ্রেণির ছাত্রী, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তার। পড়াশোনায় বেশ ভাল, বরাবর ক্লাসে প্রথম হতো। তাই তার এমন আচমকা নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, মেয়েটি সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সম্ভবত তার সঙ্গেই পালিয়ে গিয়েছে সে।

এই ঘটনায় শুরু থেকেই ঘাটাল থানায় অভিযোগ জানিয়েছেন নাবালিকার পরিবার। কিন্তু ১৯ দিন কেটে গেলেও কোনও হদিশ দিতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তাঁরা। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে পুরোদমে। ঘাটাল মহকুমার এসডিপিও দুর্লভ সরকার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত ছেলেটির বাবা-মাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

নাবালিকার বাবা-মা দেবের কাছে উপস্থিত হয়ে যখন ঘটনা খুলে বলেন, তখন তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। দেব তাঁদের একটি ফোন নম্বর দিয়ে বলেন, বুধবার সন্ধ্যায় সেই নম্বরে ফোন করে খোঁজ নিতে। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলবেন বলে আশ্বাস দেন। তাঁর কথাতেই খানিকটা ভরসা পেয়েছেন হতাশায় নিমজ্জিত পরিবারটি।

আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তে কাবু বাংলা! বিপর্যস্ত উত্তরবঙ্গ, কলকাতা সহ দক্ষিণবঙ্গেও চলবে বর্ষার দাপট, কবে মিলবে স্বস্তি জানালেন আবহাওয়া দফতর

মেয়ের খোঁজে ছুটে আসা এই পরিবারে রয়েছে আরও একটি ছোট সন্তান—মাত্র পাঁচ বছরের এক ছেলে। তাকেও সঙ্গে নিয়ে বুধবার সকাল থেকেই ঘাটালের বীরসিংহে অপেক্ষা করছিলেন তাঁরা, দেবের সঙ্গে দেখা করার জন্য। তাঁদের আশা, সাংসদের মধ্যস্থতায় হয়তো এবার কোনও সুরাহা মিলবে। তবে প্রশাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ মিলেও আদৌ মেয়েটি ফিরবে কিনা, সে প্রশ্নে এখন গোটা এলাকাই দুশ্চিন্তায়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles