‘২০২৪-এ ভোটে লড়ব কী না এখনও ভাবিনি’, রাজনীতি ছাড়তে চাইছেন দেব? জল্পনা জিইয়ে রাখলেন তারকা-সাংসদ

বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। তবে এই নির্বাচনে তারকা-সাংসদ দেব লড়বেন কী না, তা নিয়ে তৈরি হল বড় জল্পনা। আগামী নির্বাচনে তৃণমূলের টিকিট পাওয়া নিয়ে নিজেই জল্পনা বাড়ালেন দেব। তাঁর কথায়, “২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি”।

বর্তমানে নিজের পরবর্তী ছবি ‘প্রধান’-এর প্রোমোশনে ব্যস্ত দেব। নানান জায়গায় এই মুহূর্তে যেতে হচ্ছে তাঁকে। এরই মাঝে এক সাক্ষাৎকারে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়া নিয়ে মুখ খুললেন তিনি। ২০১৪ সালে ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন দেব। এরপর ২০১৯ সালেও দ্বিতীয়বার সাংসদ হন তিনি। ঘাটালের মানুষ দেবকে সাংসদ হিসেবে বেশ পছন্দ করেন। দেবও ঘাটালের উন্নতিতে বেশ ভালোই কাজ করেছেন।   

ভোটে দাঁড়ানো নিয়ে কেন জল্পনা তৈরি করলেন দেব?

তারকা-সাংসদের মতে, নিজের সংসদীয় এলাকার জন্য তিনি যথেষ্ট কাজ করতে পারেননি। তিনি বলেন, “আমার জায়গায় পূর্ণ সময়ের সাংসদ হলে তিনি আরও ভালো কাজ করতে পারতেন। এবার আমি আর পারছি না”।

তাহলে কী সত্যিই ২৪-এর নির্বাচনে লড়ছেন না তিনি?

লোকসভা নির্বাচনে লড়াই নিয়ে সরাসরি কিছু না বললেও, দেব পরোক্ষভাবেই বুঝিয়ে দিলেন যে তিনি রাজনীতি থেকে সরে আসতে চান। তাঁর কথায়, “২০১৯ সালে ভেবেছিলাম দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বললে ভোটে লড়ব। এবার সেরকম কিছু ভাবতে পারছি না। ২০২৪-এ টিকিট পাব কী না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি। তবে আমার পরিবর্তে পূর্ণ সময়ের সাংসদ হলে কাজ ভালো হবে”।

RELATED Articles