আক্রমণ শানাতে গিয়ে সৌগত রায়কে ‘জুতোপেটা’ করার নিদান দিলীপের, ‘আমি শুনেছিলাম দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে চান’, পাল্টা মন্তব্য সৌগতর

তারা একে অপরের প্রতিপক্ষ। রাজনীতির ময়দানে একে অপরকে তোপ দাগতে কখনই স্কুর করেন না তারা। এবার ফের একবার তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Saugata Roy) বেলাগাম আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলের বর্ষীয়ান সাংসদকে ‘জুতোপেটা’ করার নিদান দিলেন তিনি।

আজ, বৃহস্পতিবার দুর্গাপুরে চা চক্রে যোগ দেন দিলীপবাবু। সেখান থেকেই সৌগত রায়কে শানিয়ে তিনি বলেন, “সৌগত রায় বুড়ো মানুষ। হাঁটতে পারেন না। পিছনে কুকুর ঘেউ করলে ধুতিতে পা জড়িয়ে পড়ে যাবেন। বলছেন চমড়া দিয়ে জুতো বানাবেন। আমি বলছি সাবধানে থাকুন। পিঠের ছাল, কোমরের কাপড় কিছুই থাকবে না ক’ দিন পর। ভাবুন, একটা সত্তর বছরের বুড়ো, অধ্যাপকের এটা নমুনা? আমরা কিছু বললেই বলবে কুকথা বলেছে দিলীপ ঘোষ। পুজো করবে ফুল দিয়ে? জুতোপেটা করা উচিত”।

প্রসঙ্গত, কিছুদিন আগে কামারহাটির অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে”। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে শাসকদলকে আক্রমণ শানায় বিজেপি। এরপর যদিও সৌগত রায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান।

দিলীপ ঘোষের এহেন মন্তব্যের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সৌগত রায় বলেন, “দিলীপ ঘোষের কথায় কোনও উত্তর দিতে আমার রুচিতে বাধে”। এরপরই বিস্ফোরক মন্তব্য করে দমদমের সাংসদ বলেন, “আমি শুনেছিলাম দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে চান। বিধানসভা নির্বাচনের আগে ও পরে এ নিয়ে আলোচনা হয়।  সেকথা আমার কানে এসেছিল”।

এর পাল্টা জবাব দেন দিলীপ ঘোষও। তিনি বলেন, “এটাকে বলে বুড়ো বয়সে ভীমরতি। ওর কথা শুনলে কুকুরও হাসবে। নিজেকে জোকারে পরিণত করেছেন”। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন, “দিলীপ ঘোষ কেমন মানুষ সবাই জানেন। এসব বললে কেউ বিশ্বাস করবে না। ওনাকে বলতে হবে আমি কার সঙ্গে যোগাযোগ করেছি। প্রমাণ করতে হবে”।

RELATED Articles