আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ওয়েবসাইট দিলীপ ঘোষের, নাম যাবে কেন্দ্রে

এবার আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আসরে নামলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যাঁরা এখনও ক্ষতিপূরণ পাননি, রাজ্য বিজেপি তাঁদের জন্য দিলীপ ঘোষের ওয়েবসাইটে একটি ফর্ম তৈরী করেছেন। নীচে দেওয়া হল লিঙ্কটি-

https://amaderdilipda.in/cyclone-amphan/

উপরের ওয়েবসাইটের লিঙ্ক-এ সরাসরি গিয়ে দিলীপ ঘোষকে আমফানের ক্ষতিপূরণ নিয়ে জানানো যাবে।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “যাঁরা যাঁরা এই ওয়েবসাইটে নাম লেখাবেন, সেই নামগুলো আমি কেন্দ্রকে পাঠাব। রাজ্য যদি এই নামগুলো চায় তবে রাজ্যকেও ওই নামগুলো পাঠানো হবে।”

দিলীপবাবু আরও দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত কমিটি তৈরি করলেও তো কাজের কাজ কিছু হয়নি। সার্ভে ঠিকমতো করা হয়নি। একজন বিডিও কোথায় কোথায় যাবেন? এত গ্রাম রয়েছে এই কাজে যদি বিরোধীদের সামিল করা হতো তবে সম্ভব হত।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা পাওয়া নিয়ে শাসক ও বিরোধী দলের চাপানউতোর বর্তমানে তুঙ্গে উঠেছে। বিরোধীরা বারবার বলছেন যে, যারা আসল ক্ষতিগ্রস্ত হয়েছেন টাকা তাঁরা পাচ্ছেন না, বরঞ্চ এই সরকারের ঘনিষ্ঠ মানুষরাই সেই ক্ষতিপূরণের টাকা নিয়ে যাচ্ছেন।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন যে ক্ষতিপূরণের টাকা নিয়ে দলের মধ্যে কেউ যদি নয়ছয় করেন তবে তা তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। তিনি যার বিরুদ্ধেই অভিযোগ পাবেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ব্যবস্থাও নিয়েছে স্থানীয় প্রশাসন।

যদিও দিলীপবাবু বলছেন যে পুরো ঘটনাটাই তৃণমূলের একটা আইওয়াশ মাত্র। তিনি বলছেন যে, “শাস্তি দিতে হলে সবাইকে শাস্তি দিন। কয়েকজনকে মাত্র বহিষ্কার করা হচ্ছে আসলে দিদি আর মেয়র নিয়েই এই রাজ্যটা চলছে মনে হয়।”

RELATED Articles

Leave a Comment