আর এক সপ্তাহ বাকি লোকসভা নির্বাচনে। সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। চলছে জোরকদমে প্রচার। বর্ধমান-দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তিনিও প্রচারে বেরিয়ে সারছেন জনসংযোগ। এই প্রচারে বেরিয়ে আবার নানান সময় নানান বিতর্কিত মন্তব্যও করছেন তিনি। এবার বাংলা থেকে জঙ্গি ধরা পড়ে নিয়েও মন্তব্য করলেন বিজেপি প্রার্থী।
আজ, শুক্রবার পূর্ব বর্ধমানের শুকুর গ্রামে প্রচার গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে শিব মন্দিরে পুজো দেন তিনি। মন্দিরের প্রবীণ মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন। মন্দির থেকে বেরিয়ে সারেন জনসংযোগ। এই গরমের সময় সুস্থ থাকতে টিপসও দিতে দেখা যায় তাঁকে।
আজ, শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত এই দুই জঙ্গি। এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “পূর্ব মেদিনীপুরে জঙ্গি ধরা পড়েছে। শাহজাহানের মত লোক ধরা পড়ছে। গোটা রাজ্যে গুণ্ডা, জঙ্গিরা লুকিয়ে আছে। ভারতবর্ষের যেখানে বিস্ফোরণ হয়, তার সঙ্গে যোগ থাকে পশ্চিমবঙ্গের। অনুপ্রবেশকারীরা এখানে আসে, আধার কার্ড রেশন কার্ড পরিচয়পত্র বানিয়ে নিয়ে সারা দেশে চক্রান্ত করে। বাংলাদেশও বলেছে, এখানকার লোকেরা ওখানে গিয়ে উৎপাত করে। কেন বারবার পশ্চিমবঙ্গের দিকে আঙুল উঠবে”?
এনআইএ-র এমন সক্রিয়তার জন্য দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য, “সব সামনে আসবে। সবে অ্যাসিড ঢালা হয়েছে। ইঁদুর, পোকা মাকড় সব বেরোচ্ছে। ভোটের পরে সব বেরিয়ে আসবে”।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্য তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি বলেন, “বাংলায় শান্তি আছে। এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে কিছু মানুষ। তবে বাংলার মানুষ ২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বাংলাকে বাঁচিয়েছেন”।





