‘সিপিএমও তো ক্ষমতায় ছিল, ওদের কেউ তো ডাক পাচ্ছেন না’, তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে প্রশ্ন করতেই সপাটে জবাব দিলীপের

ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের দিনই ইডি তলব করেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে বিস্তর চর্চা হয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার এই বিতর্কে ফের ঘি ঢাললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “যখন জোট ছিল না তখন থেকেই তো ডাক পাচ্ছেন, সিপিএম তো ক্ষমতায় ছিল ওদের কেউ তো ডাক পান না। কেন ওরাই ডাক পান”।

আসলে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ইডি তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুন্তল ঘোষের চিঠি মামলায় তলব করা হয়েছিল তাঁকে। এই নিয়ে রাজ্যের শাসক দল দাবী করে যে ইন্ডিয়া জোটের কাজে বাধা দেওয়ার জন্যই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করছে কেন্দ্রের বিজেপি সরকার।

কী বললেন এই নিয়ে দিলীপ ঘোষ?

আজ, বৃহস্পতিবার হুগলির পাণ্ডুয়ার বৈঁচিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই অভিষেকের তলব নিতে প্রশ্ন উঠতে তিনি বলেন দুর্নীতি হলে তদন্ত তো হবেই। নগদ টাকা যদি উদ্ধার হতে দেখা যায়, তাহলে এজেন্সি তো তলব করবেই।

দিলীপ ঘোষের কথায়, “যখন জোট ছিল না তখন থেকেই তো ডাক পান। সিপিএম তো ক্ষমতায় ছিল ওদের কেউ তো ডাক পান না। কেন ওরাই ডাক পান। একটু বাড়ির দিকে তাকান। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। লোকে কী দেখছে, সেটাও দেখতে পাবেন”।

গতকাল, বুধবার ইডির দফতর থেকে বেরিয়ে অভিষেক প্রশ্ন তুলেছিলেন যে নারদা মামলায় নাম থাকা সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না। এই নিয়ে প্রশ্ন করা হল দিলীপ ঘোষ বলেন, “আমরা চাই, পশ্চিমবঙ্গে যত দুর্নীতি হয়েছে, সব কেলেঙ্কারির তদন্ত হোক। কোর্টের নির্দেশে সিবিআই ইডি তদন্ত করছে। তারা দেখছেন বিষয়টা। উনি অন্যায় করেছেন, না করেননি সিবিআই বা ইডি ঠিক করবে। কাউকে গ্রেফতার হবে কি হবে না সেটা আদালতের বিচার্য”।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়েও কথা বলেন মেদিনীপুরের সাংসদ। তাঁর কথায়, “আমি তো ভাবলাম, উনি হয়তো ইন্ডিয়া জোটের লোক খুঁজতে গেছেন। কারণ এখানে মোদীকে হারাবার লোক পাচ্ছেন না তাই শ্রীলংকার প্রেসিডেন্টকেও জোটে ডেকেছেন। স্পেনে গেছেন ভাল কথা। কিন্তু পশ্চিমবঙ্গের যা দুর্দশা, আইন শৃঙ্খলা নেই। এখানে কেন ব্যবসা আসবে”?

আরও অন্যান্য খবর