‘হাওয়াই চটির দিন শেষ’, সদর্পে ঘোষণা দিলীপের, পাল্টা আক্রমণ শানালেন সৌগতও

এমনিতে তিনি কোনওসময়ই রাজ্য সরকারকে আক্রমণ করতে কসুর করেন না। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানান রাজ্যে তৃণমূলের দিন শেষ। এবার নতুন সরকার গড়বে বাংলা। এবারও তার অন্যথা হল না। ‘হাওয়াই চটির দিন শেষ’, এমনটাই সদর্পে ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আগামী বিধানসভা নির্বাচন বেশ আসন্ন। নির্ঘণ্ট প্রকাশ হল বলে। এই নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে দাবী করে গিয়েছেন যে নির্বাচনে ২০০-এর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। সেই অনুযায়ী মাঠে নেমেও পড়েছে তারা। আবার অন্যদিকে, নিজের গদি টিকিয়ে রাখতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভোটযুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজী নয়। চলছে আক্রমণের উপর আক্রমণের পালা। একে অপরকে দাগতে বাদ রাখছেন না কোনও দলই।

এই পরিস্থিতিতেই ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তাঁর দাবী, “হাওয়াই চটির দিন শেষ। এখন আর কেউ চতি পরতে চান না। প্রত্যেকেই জুতো পরতে চান। আর বিজেপি প্রত্যেককে জুতো পরাবে”। দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা আক্রমণও করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তাঁর কথায়, “দিলীপবাবুর পক্ষে হাওয়াই চটির গুরুত্ব বোঝা সম্ভব নয়। দিদি নিজে হাওয়াই চতি পরেন কারণ তিনি সহজ সরল জীবন কাটাতে চান। দিলীপবাবুর মতো নন। উনি তো আজকাল আবার জামাকাপড় পালটেছেন। গলাবন্ধ সুট পরছেন”।

প্রসঙ্গত, সোমবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে সভা রয়েছে দিলীপ ঘোষের। এদিন মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরোন তিনি। এরপর এই এলাকারই একটি মন্দিরে পুজো দেন। এলাকার মানুষদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গিয়েছে।

RELATED Articles