‘বাংলার জেল সুরক্ষিত নয়, হত্যা করা হতে পারে জ্যোতিপ্রিয়কে’, আশঙ্কা দিলীপের, মন্ত্রীকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ

দীর্ঘ ২১ ঘণ্টা ধরে ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ রেশন দুর্নীতিতে ইডি গ্রেফতার করে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর গ্রেফতারির পরই এবার এক মারাত্মক আশঙ্কার কথা শোনালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায় বাংলার জেল মোটেই সুরক্ষিত নয়।

কী বললেন দিলীপ?

বিজেপি নেতার আশঙ্কা, বাংলার জেলে জ্যোতিপ্রয় মল্লিকের প্রাণ সংশয় হতে পারে। তিনি বলেন, “বাংলার জেলগুলি সুরক্ষিত নয়। তাঁকে (জ্যোতিপ্রিয়কে) হত্যা করা হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিককে বিশেষ সুরক্ষা দেওয়া উচিত। নাহলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, যাতে পুরো তদন্তে মাটি চাপা পড়ে যাবে”। পশ্চিমবঙ্গের জেল ও হাসপাতাল মোটেই সুরক্ষিত নয় বলেই দাবী দিলীপের।

কেন এমন আশঙ্কা দিলীপের?

দিলীপ ঘোষ কেন এমন আশঙ্কা করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মেদিনীপুরের সাংসদের কথায়, “আসল দোষীরা যাতে ধরা না পড়ে, তাই জ্যোতিপ্রিয়কে হত্যা করা হতে পারে”।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় দিল্লিতে তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এখনও রয়েছেন প্রেসিডেন্সি জেলে। দিলীপ ঘোষের বক্তব্য পার্থ ও জ্যোতিপ্রিয়, দু’জনকেই দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, “একজনকে নিয়ে আসা হয়েছে দিল্লিতে। পার্থবাবুকে এবং ওনাকেও (জ্যোতিপ্রিয়কে) নিয়ে আসা হোক। সবাইকে এখানে ভাল ব্যবস্থায় রাখা হোক। দিল্লিতে আবহাওয়াও ভাল, সুস্থ থাকবেন”।

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পরই বিজেপির উপর ক্ষোভ উগড়ে দেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এও দাবী করেন যে তিনি ষড়যন্ত্রের শিকার আর এই ষড়যন্ত্র করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয়র এহেন দাবী প্রসঙ্গে দিলীপের মন্তব্য, “শুভেন্দু যদি চক্রান্ত করে জেলে পাঠাতে পারতেন, তাহলে তৃণমূলের পুরো মন্ত্রিসভাই জেলে চলে যেত। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেটা ওরা এখনও হজম করে উঠতে পারছেন না। তাই এসব করছেন”।

RELATED Articles