পার্থর ‘অপা’র পর এবার চর্চায় বালুর ‘দোতারা’, শান্তিনিকেতনে ৬ কোটির বাড়ি মন্ত্রীর, ১০ বছরে লাফিয়ে আয় বেড়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর দেড় বছরের মাথায় গ্রেফতার রাজ্যের আরও এক মন্ত্রী। পার্থর ‘অপা’ মতোই এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনের বাড়ি ‘দোতারা’র দিকে নজর ইডির। সেই বিলাসবহুল বাড়ির মূল্য অন্তত ৬ কোটি টাকা। এছাড়াও, জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণও অঢেল। কোন ম্যাজিকে বাড়ল এত আয়? খতিয়ে দেখছে ইডি।

জ্যোতিপ্রিয় মল্লিকের সেই বিশাল বাড়ি দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। মাঝেমধ্যেই মন্ত্রী ও তাঁর আত্মীয়দের ওই বাড়িতে দেখা যেত। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী প্রায়ই ওই বাড়িতে যেতেন বলে জানা গিয়েছে। জানা যায় দু’কোটি টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন জ্যোতিপ্রিয়।

১০ কাটার বেশি জমির ওপর ওই বাড়িটি তৈরি। তা রক্ষণাবেক্ষণ করতেও বিপুল টাকা খরচ করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দমদমের এক বাসিন্দা যিনি কর্মসূত্রে শান্তিনিকেতনে থাকতেন, তার থেকে ওই বাড়িটি কিনেছিলেন মন্ত্রী। জার্মানি থেকে রঙ আনিয়ে ওই বাড়িটি রঙ করিয়েছিলেন তিনি। রঙ করতেই খরচ হয়েছিল ৮৫ লক্ষ টাকা।

কত সম্পত্তি রয়েছে বনমন্ত্রীর?

জ্যোতিপ্রিয় মল্লিক ২০২১ সালে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, সেই অনুযায়ী ২০১৫-১৬ সালে তাঁর রোজগার ছিল ২,৪০,৯১৭ টাকা। ২০১৬-১৭ সালে তাঁর রোজগার বেড়ে দাঁড়ায় ১১,৯৮,১৪৮ টাকা। এরপরও ক্রমেই বাড়তে থাকে তাঁর রোজগার। ২০১৭-১৮ সালে ১২,৪০,২৫৫ টাকা, ২০১৮-১৯ সালে ৫১,৯৩৫৭৬ টাকা ও ২০১৯-২০ সালে ৪০,২১,৯১০ টাকা আয় ছিল বালুর।

মন্ত্রীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে জ্যোতিপ্রিয়র রোজগার ৪০ লক্ষ টাকা। স্ত্রীর আয় ১৮ লক্ষ টাকা। জ্যোতিপ্রিয়র নিজের নামে ১৪টি ও স্ত্রীর নামে ৭টি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। হলফনামায় উল্লেখ রয়েছে যে ১২টি ফিক্সড ডিপোজিট রয়েছে জ্যোতিপ্রিয়র।

তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার বেশি। আর স্ত্রীর নামে ২ কোটি টাকার বেশি অস্থাবর সম্পত্তি রয়েছে। শুধু তাই-ই নয়, জ্যোতিপ্রিয়র নামে সল্টলেকের সামন্ত কোঅপারেটিভ দেব ব্যাঙ্ক লিমিটেডে ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও প্রায় ৫০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রীর নামে যে ৪টি ফিক্সড ডিপোজিট রয়েছে, তার পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। গত ১০ বছরে দুর্নিবার গতিতে আয় বেড়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles