‘শুভেন্দুকে ঝাঁটা দেখান’, নিদান জয়প্রকাশের, ‘সব দিদিমণির কাছে নম্বর বাড়ানোর কৌশল’, পাল্টা তোপ দিলীপের

তিনি যখন বিজেপিতে (BJP) ছিলেন, সেই সময় তিনি ছিলেন সাংবাদিক সম্মেলনের মুখ। তৃণমূলের নানান বিষয় সে কয়লা হোক বা গরু, নানান ইস্যু নিয়েই বেশ ধারালো আক্রমণ শানাতেন শাসক দলকে। কিন্তু এখন তিনি নিজেই তৃণমূলে (TMC)। তবে আক্রমণের ঝাঁঝ কমেনি জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar)। এখন তিনি বিজেপির বিরুদ্ধে আঙুল তোলেন। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঝাঁটা ও কালো পতাকা দেখানোর নিদান দিলেন তিনি।

গতকাল, শনিবার জলপাইগুড়ির রায়গঞ্জে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। সেখানেই বিজেপি ও শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, শুভেন্দু উত্তরবঙ্গে এলে তাঁকে যেন ঝাঁটা ও কালো পতাকা দেখানো হয়।

দশমীর দিন মালবাজারের মাল নদীতে হড়পা বানের জেরে মৃতদের পরিবারের সঙ্গে আগেই দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ই নভেম্বর সেখানে যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর।

সেই প্রসঙ্গেই জয়প্রকাশ এদিন বলেন, “আগামী মাসে মালবাজারে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে আসছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু এলেই তাঁকে কালো পতাকা দেখান, ঝাঁটা দেখান, গো ব্যাক স্লোগান দিন”। তিনি যখন একথা বলছেন, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি ছেড়ে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

জয়প্রকাশ বিজেপিতে থাকার সময় তিনি ও দিলীপ ঘোষ বেশ ভালো বন্ধু ছিলেন। তবে এখন পরিস্থিতি ও সম্পর্ক, দুই-ই বদলেছে। জয়প্রকাশের এহেন মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে এক সংবাদমাধ্যমে দিলীপ বলেন, “তৃণমূলের অবস্থা ভালো নয়। বড় নেতারা মুখ খুলছেন না। কারণ ভয় আছে কে, কখন ঢুকে যাবেন। তাই এসব উটকো নেতা বাজার গরম করছেন। এসব আসলে দিদিমণির কাছে নম্বর বাড়ানোর কৌশল”।

RELATED Articles