রবিবারের সকাল, খড়্গপুরের নিজস্ব বাংলো চত্বরে নিজের হাতে গড়া ড্রাগন ফলের বাগানে সময় কাটাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চাষবাসের প্রতি তাঁর আগ্রহ নতুন নয়, তবে এ দিনের দৃশ্য যেন আলাদা কিছু বলছে। মাঝে মধ্যেই গাছের দিকে তাকিয়ে বলে উঠছেন, ‘‘পাকতে আরম্ভ করেছে…’’। ড্রাগন ফলের দিকে এই মন্তব্য শুধু কি চাষ নিয়ে? নাকি এর আড়ালে লুকিয়ে অন্য কোনও ইঙ্গিত?
ড্রাগন ফল হাতে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “২১ তারিখ নতুন চমক আসবে এবং সারা বাংলা দেখবে। দাবি করতে অসুবিধা কী? স্বপ্ন দেখুক সবাই।” এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের শহিদ দিবস ঘিরে রাজ্যের রাজনীতিতে এমনিতেই উত্তেজনার পারদ চড়ছে, তার মাঝেই বিজেপি নেতার এই মন্তব্যে ফের মাথা চাড়া দিয়েছে ‘দলবদল’ জল্পনা।
দলের ভিতরেও কি একঘরে হয়ে পড়ছেন দিলীপ? সদ্য নিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তারপর থেকেই তাঁর ‘ফুল বদল’ নিয়ে নানা মহলে চর্চা তুঙ্গে। যদিও দলের একাংশের দাবি, দিলীপ ঘোষ কখনওই ঘাসফুলে পা রাখবেন না। অপরদিকে, তাঁর ঘনিষ্ঠ একাধিক নেতার দাবি, ২১ জুলাই কোনও না কোনও ‘সারপ্রাইজ’ থাকছেই। তবে দিলীপ নিজে এখনও তাস পুরো খোলেননি।
চাপের মুখে দিলীপ নিজেই যেন জল্পনায় ঘি ঢাললেন। বাগানের মধ্যে দাঁড়িয়ে হাসিমুখে বললেন, ‘‘দিলীপ ঘোষ ফুল বদলায় না, ফুল ফোটায়…জঙ্গলমহলের রুক্ষ মাটিতেও যেমন ড্রাগন ফলিয়েছি।’’ তাঁর এই মন্তব্যে রাজনৈতিক বার্তা স্পষ্ট হলেও সরাসরি কিছুই বলছেন না তিনি। তবে এমন শব্দচয়নেই ফের একবার রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুনঃ Humayun Kabir : অফিসঘরে জুতো পরা পায়ে রেজিস্ট্রারকে লাথি! ফের বিতর্কে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির!
তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসকে কেন্দ্র করে প্রতিবারই কিছু না কিছু বার্তা থাকেই। এবারে ২৬-এর নির্বাচনের প্রাক্কালে তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ ২১ জুলাই খড়্গপুরেই বিশেষ বার্তা দিতে পারেন বলেই সূত্রের খবর। তবে ঠিক কী হতে চলেছে, তা এখনও পরিস্কার নয়। আপাতত রাজনীতির বাগানেও যেন ফল পাকতে শুরু করেছে— তারই অপেক্ষায় গোটা রাজ্য।






