রাজনীতির ময়দানে সবসময় একটা অনিশ্চয়তা থাকে। কখন, কে কোন দায়িত্ব পাবেন, তা নির্ভর করে দলের সিদ্ধান্তের উপর। বিশেষ করে বিরোধী দল হিসেবে বিজেপি যখন রাজ্যে নিজেদের শক্তিবৃদ্ধির কৌশল তৈরি করছে, তখন নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই দলের সভাপতি নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে। পশ্চিমবঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। নতুন মুখ আসবে, নাকি অভিজ্ঞ কাউকে পুনরায় দায়িত্ব দেওয়া হবে— এই প্রশ্নের উত্তর খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত কয়েক মাস ধরে বিজেপির রাজ্য নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। একাধিক নাম উঠে এলেও, সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করেছেন, রাস্তায় নেমে আন্দোলন করেছেন এবং কর্মীদের উজ্জীবিত করেছেন। যদিও রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্ব তাঁকে কতটা গুরুত্ব দেবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে সম্প্রতি বিধানসভায় তাঁর বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাঁকে।
গতকাল বিধানসভায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। তখনই তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপির রাজ্য সভাপতি পদে কি তিনি ফের আসছেন? উত্তরে দিলীপবাবু বলেন, “সভাপতি পদে নতুন মুখ আনা হবে কিনা জানি না, তবে অভিজ্ঞতার নিরিখেই হবে। শীঘ্রই সবটা জানতে পারবেন।” তাঁর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে চর্চা আরও বেড়ে যায়।
তিনি আরও বলেন, “খেলোয়াড়কে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। পার্টি কখন কাকে কী দায়িত্ব দেবে, বলা যায় না। আমি রেডি। এমনিতেও জেলায় জেলায় ঘুরি।” অর্থাৎ, তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন, যদি দল চায়, তাহলে তিনি আবারও সভাপতি হওয়ার জন্য প্রস্তুত।
আরও পড়ুনঃ মোমো-ফ্যাক্টরির ফ্রিজ খুলতেই চমকে উঠলেন তদন্তকারীরা! কুকুরের মাথার স্তূপ দেখে শিউরে উঠল শহর!
বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন নিয়ে গুঞ্জন অবশ্য অনেকদিন ধরেই চলছে। দিলীপ ঘোষের পরে সুকান্ত মজুমদার সভাপতির দায়িত্ব পেলেও, দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে কেন্দ্র। দিলীপ ঘোষের অভিজ্ঞতা এবং আগ্রাসী রাজনৈতিক কৌশল তাঁকে আবারও সভাপতি পদের জন্য অন্যতম যোগ্য প্রার্থী করে তুলেছে। তবে দিলীপ ঘোষের মন্তব্যে যে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তা নিয়ে দলীয় নেতৃত্ব এখনও স্পষ্ট কিছু বলেননি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি নতুন কাউকে নিয়ে আসবে, নাকি দিলীপ ঘোষকেই আবার এই গুরুদায়িত্ব দেবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের সংগঠনিক দক্ষতা এবং মাটি থেকে উঠে আসা নেতৃত্বের ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে কাকে বেশি গুরুত্ব দেবে, তা পুরোপুরি নির্ভর করবে দলের ভবিষ্যৎ কৌশলের উপর। সামনের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দল যদি আক্রমণাত্মক নেতৃত্ব চায়, তাহলে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন একদম অসম্ভব নয়। এখন দেখার বিষয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।





