‘কুড়মি আন্দোলনকে বিপথে চালিয়ে বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে’, ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের জেরে হুঁশিয়ারির পর সুর নরম দিলীপের

কুড়মি আন্দোলন নিয়ে এবার সুর নরম করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “কুড়মি আন্দোলনকে বিপথে চালিয়ে বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে”। হুঁশিয়ারি পাওয়ার পরই কী এই সুর বদল, উঠছে প্রশ্ন।

গত রবিবার জঙ্গলমহলে কর্মসূচিতে যাওয়ার সময় দিলীপ ঘোষের পথ আটকান কুড়মিরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ বচসা শুরু হয়। সেই সময় কুড়মিদের আক্রমণ করে দিলীপ বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে”। তাঁর এহেন মন্তব্য নিয়ে শুরু হয় শোরগোল। ২৪ ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে বলে দাবী তোলেন কুড়মিরা। এই ঘটনার পরদিন অর্থাৎ আজ এবার কুড়মিদের নিয়ে সুর নরম করলেন বিজেপি নেতা।

আজ, মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে ফের কুড়মি আন্দোলন নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কুড়মি আন্দোলনকে বিপথে চালানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে”।

মেদিনীপুরের সাংসদের সংযোজন, “আমার অজিত মাহাতো, রাজেশ মাহাতোর মতো নেতাদের কাছে আবেদন, তাঁরা বিষয়টাকে মাওবাদী আন্দোলন, আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেন। ওখানে আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে গত পঞ্চায়েতে নেতা হয়ে গিয়েছেন। এক্ষেত্রে তা হলে কুড়মি সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে”।

অন্যদিকে আবার বঙ্গ বিজেপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি মেদিনীপুরের লোধাশুলির। ওই ভিডিওতে দিলীপ ঘোষকে বলতে শোনা যাচ্ছে, “বিজেপি কারও সঙ্গে ঝগড়া করতে যায় না। আমার এলাকায় যাঁরা বসেছিলেন তাঁদের আমি সহযোগিতা করেছি। রোদ্দুরে গরমে তাঁরা কষ্টে ছিলেন বলে আমি সেখানে লোক পাঠিয়েছি, তাঁদের সঙ্গে কথা বলেছি। আমি কিছু বলতে যাইনি, তাঁরা যখন আমার রাস্তা আটকেছেন তখন প্রশ্ন করেছি কী করেছেন তাঁরা। আর চাইলে আমি সংবাদমাধ্যমের সামনে নাম নিয়ে বলব কে নেতা, কী করেছে। তাই তাঁরা যাঁরা নিজেদের সমাজের জন্য আন্দোলন করছেন, অধিকার নিয়ে করুন। আমাদের সহমর্মিতা আছে। রাজনীতি করতে গেলে রাজনীতির উত্তর দিতে হবে”।

আরও অন্যান্য খবর