টেট আন্দোলন নিয়ে এই মুহূর্তে রাজ্য ও রাজনীতি উত্তাল। অনশনকারীদের (TET protesters) পুলিশের জোর করে সরিয়ে দেওয়ার ঘটনায় সরব হয়েছে সমস্ত বিরোধী দলগুলি। এই নিয়ে রাস্তায় নেমেছে বাম-বিজেপি-কংগ্রেস (CPM-BJP-Congress)। এই নিয়ে এবার বামেদের কটাক্ষও শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
কলকাতায় থাকলে প্রতিদিনই প্রায় ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখান থেকে নানান ইস্যু নিয়ে কথা বলেন তিনি। আজ, শনিবার ইকোপার্কে টেট আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি প্রতিবাদে পথে নামছে। মানুষের প্রতি অত্যাচার চলছে, অপশাসন চলছে। তার বিরুদ্ধে সমস্ত দলেরই প্রতিবাদ করা উচিত”।
এদিন বামেদের কটাক্ষ করে মেদিনীপুরের সাংসদ বলেন, “বামেরা চিরদিন বিরোধিতা ভালো করতে পারে। আন্দোলন করতে পারে। সরকার চালাতে পারে না। উন্নয়ন করতে পারে না। তাই মানুষ তাদের বিসর্জন দিয়েছে। থেকে থেকে তারা আন্দোলন করবে। আর সেটা দেখে দেখে বাংলার মানুষের মনে হয়েছে যে এটা ভালো কাজ। সেই কারণেই বাংলার লোককে আজ পরিযায়ী শ্রমিক হতে হয়েছে। বিরোধিতা সবাই করছে। কংগ্রেসও করেছে। আর সেটাই করা দরকার। কারণ তাদের সঙ্গে যেভাবে নির্মম ব্যবহার করা হয়েছে, তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সবাই তার বিরোধিতা করছে”।
এর আগে টেট আন্দোলনকারীদের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, “যাঁরা পরীক্ষা দিয়ে পাশ করেছেন , চাকরির জন্য এত দিন আবেদন নিবেদন করেছেন, এখন তাঁরা অনশন করছেন, তিন দিন ধরে রাস্তায় ছিলেন, তাদের নির্মম ভাবে ধাক্কা মেরে তুলে দিয়েছে। এই সরকার নিজে গণতন্ত্রের কথা বলে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পরিবেশ নেই”।
অন্যদিকে আবার মেডিক্যাল বোর্ডের কাউন্টিং ঘিরে ধুন্ধুমার। এই প্রসঙ্গে দিলীপ বলেন, “বাংলায় নির্বাচন মানেই মারামারি। তৃণমূল নির্বাচন করছে তারা জানে যে জিতবে। ডাক্তারদের নির্বাচনেও ভুলো ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। উকিলদের নির্বাচনেও একই বিষয়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। যদি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে তৃণমূল কোথাও জিততে পারবে না”।





