‘সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেব’, বিরোধীদের হুঙ্কার উদয়ন গুহর, পাল্টা জবাব দিল বিজেপিও

কয়েক সপ্তাহ আগেই হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর সেই মন্তব্য নিয়ে নানান সমালোচনা হয়েছিল নানান মহলে। তবে তাতেও তাঁর কড়া ভাষার তেজ কমে নি। এবার সাঁড়াশি দিয়ে বিরোধীদের (Opposition) দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা।

গতকাল, শুক্রবার কোচবিহারের ভেটাগুড়িতে দলীয় এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে”।

তাঁর সুরেই এদিন সুর মেলালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহও। তিনি বলেন, “সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে”।

কিছুদিন আগেও এমনই এক হুঁশিয়ারি শোনা গিয়েছিল উদয়ন গুহর গলায়। সেই সময় তিনি বলেছিলেন, “যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে। আমার সহকর্মীর বুকে পা তুলতে চাইলে, হাঁটু ভাঙার অধিকার আছে। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে বুঝতে হবে, বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে। সেই জন্য সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে”।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসেই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন, এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই কারণে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে লেগেছে শাসক-বিরোধী উভয় দলগুলিই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে নানান দুর্নীতিতে বিদ্ধ হওয়ায় রজয় সরকার বেশ অস্বস্তিতে।

আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। আর এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর একের পর এক এমন মন্তব্য যে নতুন করে শাসক দলকে অস্বস্তিতে ফেলতে পারে, তা বলাই বাহুল্য। এহেন উস্কানিমূলক মন্তব্যের বিরোধিতা করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন যে দলের সংস্কৃতি অনুযায়ীই মন্তব্য করেছেন উদয়ন গুহ।

RELATED Articles