‘তৃণমূলের সঙ্গে না থাকলে, করে খাওয়া বন্ধ হয়ে যাবে’, ইকোপার্কে অরিজিৎ সিংয়ের শো বাতিলের প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

আগামী ১৮ই জানুয়ারি ইকোপার্কে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে তা বাতিল করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে এই অনুষ্ঠান। গতকাল, বুধবার মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) একথা ঘোষণা করতেই এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির (BJP) অভিযোগ, রাজনীতির শিকার হয়েছেন অরিজিৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে ‘রঙ দে মোহে গেরুয়া’ গান গাওয়ার ফলেই এমন সিদ্ধান্ত। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghoshd)।

আজ, বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শহরের চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুরের বোগদায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারেন তিনি। এদিন একাধিক ইস্যুতে রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ। বাদ পড়েনি অরিজিৎ সিংয়ের গানের শো বাতিল ইস্যুও।

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা বলেন, “সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল”।

শুধুমাত্র দিলীপ ঘোষই নন, অরিজিতের শো বাতিলের খবরে নানান বিজেপি নেতাই এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন। বাদ যান নি অনুপম হাজরা, তরুণজ্যোতি তিওয়ারির মতো নেতারাও। বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ টুইট করে এই প্রসঙ্গে লেখেন, অরিজিৎ তাঁর প্রিয় গান শুনিয়েছেন। এটা অসহিষ্ণুতার পরিচয়। ওই গান গাওয়ার জন্যই শো বাতিল করা হয়েছে।

https://twitter.com/IndranilKhan/status/1607987853098876931?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1607987853098876931%7Ctwgr%5E13ec8448595feed1a3fb12759d558449146002c3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fwest-bengal%2Fpaschim-medinipur%2Fdilip-ghosh-speaks-on-arijit-singh-issue-au54-716262.html

অন্যদিকে, অরিজিতের শো বাতিল হওয়া নিয়ে সাফাই দিয়ে ফিরহাদ হাকিম বলেন, “ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে। এখন অনেক প্রচণ্ড ভিড় হচ্ছে। এখন ওখানে বড় অনুষ্ঠান করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। সেই জন্য বিধাননগর পুলিশ কমিশনারেট অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না। তবে অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু পুলিশি অনুমতি না নিয়ে কেন অনুষ্ঠানের আয়োজন করা হল? আয়োজকের বিরুদ্ধে এফআইআর হলে তো তিনি গ্রেফতার হবেন”।

আসলে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠান মঞ্চে অরিজিৎ সিংকে গান গাওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ‘রঙ দে মোহে গেরুয়া’ গানটি করেন তিনি। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। অরিজিতের শো বাতিল হওয়া নিয়ে বিজেপি নেতাদের দাবী, অরিজিতের মুখে ‘গেরুয়া’ শব্দ শুনেই চটেছেন মুখ্যমন্ত্রী আর এই কারণেই শো বাতিল করেছেন তিনি।

RELATED Articles