‘কাটমানির টাকায় ডিজে বাজবে, মজ-মস্তি হবে’, তৃণমূলের বিজয়া সম্মিলনী নিয়ে তুমুল কটাক্ষ করলেন দিলীপ

উৎসবের মরশুমেই চলছে জনসংযোগ বাড়ানোর কাজ। বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে শাসক দল। ১২ দিনে ৫০০ জনসংযোগ সভা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবার তৃণমূলের এই সভা নিয়েই তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “শাসক দলের দুর্নীতি এখন চরমে। এদের বিসর্জনের বাজনা বেজে গিয়েছে”।

আজ, বৃহস্পতিবার খড়গপুর শহরের বোগদা শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলের বিজয়া সম্মিলনী নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমাদের দেখে শিখছে আর কী! টিএমসির বিজয়া সম্মিলনীতে কী হয় সেটা কি আমরা জানি না? আমরা মণ্ডলে-মণ্ডলে ১ হাজার ২০০ বেশি বিজয়া সম্মিলনী করছি। শুরুও হয়ে গিয়েছে। সেটা দেখে মনে হয়েছে যে, এটা তো জনসংযোগের একটি ভালো মাধ্যম। সেটা যদি হয় আমার মনে হয় এটি একটি ভালো কাজ”।

মেদিনীপুরের সাংসদের কথায়, “সমাজের সবাইকে নিয়ে আনন্দ করা পুজোর পরে মিলিত হওয়া যে অসুরক্ষা, অসামঞ্জস্য সমাজে দেখা যাচ্ছে। সেটা যদি কোনও পার্টি করে সেটা ভাল কথা। তবে সেখানে এগুলো কাটমানির টাকায় হবে। মজ-মস্তি হবে। ডিজে বাজবে। বিজয়া সম্মিলনীর আসল উদ্দেশ্য যদি পূরণ হয় তাহলে খুব ভাল কথা”।

বলে রাখি, সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই কারণে লড়াইয়ে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। উৎসবের মরশুমে তাই জনসংযোগে নেমেছে শাসক-বিরোধী শিবিরগুলি। আজ, বৃহস্পতিবার নৌশাদ আলি কক্ষে বিকেল ৩টের সময় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। দলীয় বিধায়ক তো বটেই, বিধানসভার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই বিজয়া সম্মিলনীতে।

RELATED Articles