West Bengal Election 2021: “তৃণমূল নেতাদের কাট আউট ছাপাতে হবে না, মানুষ ওঁদের ঝুলিয়ে দেবে”, বেলাগাম দিলীপ

দিলীপ ঘোষ আর পশ্চিমবঙ্গ সরকারের পারস্পরিক যুদ্ধ বাংলায় বিধানসভা ভোটের আবহে ক্রমশই উত্তাপ ছড়াচ্ছে। নিত্যদিন বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে নিজের নিশানায় রাখেন বঙ্গ বিজেপি সভাপতি। এবার ফের একবার কাটমানি ও অনুন্নয়ন ইস্যুতে শাসক দলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি। আজ অর্থাৎ বুধবার সকালে পুরুলিয়া শহরে চা চক্রে অংশগ্রহণ করে দিলীপবাবু বাংলার বর্তমান সরকার ও শাসকদলকে একহাত নেন।
কাটমানি ইস্যুতে রাজ্যের শাসকদলের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘ওঁদের সাধারণ মানুষ খুঁজে বেড়াচ্ছে। সামনে পেলেই ল্যাম্পপোস্টে বেঁধে পেটাবে। ভোটের আগে ওঁদের আর কাটআউট ছাপাতে হবে না। মানুষই টাঙিয়ে রাখবে।’
সেই সঙ্গে তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর সাংবাদিককে চড় মারায় ঘটনাকেও বিদ্রুপ করেন  তিনি। দিলীপবাবু বলেন, ‘এরকম ঘটনা ভাবাও যায় না। হারের ভয়ে বেচারার ব্রেক ফেল করেছে।’
একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ারও সমালোচনা করেন তিনি। বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে ওঁর দূরত্ব বেড়েছে তা বুঝতে পেরেছেন। তাই মানুষের ভিড়ে মেশার চেষ্টা করছেন।’
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে পুরুলিয়া শহরে প্রার্তর্ভ্রমণ সেরে দিলীপবাবু চা চক্রে অংশগ্রহণ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে সেখানেই রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।

আরও অন্যান্য খবর