বিজেপির অন্দরে কলহ ক্রমে বেড়েই চলেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বঙ্গ বিজেপির মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। চলছে অনুপম হাজরা বনাম রাজ্য বিজেপি নেতৃত্ব লড়াই। বঙ্গ বিজেপির নেতৃত্বকে কড়া ভাষায় সরাসরি আক্রমণ করে চলেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। এমন আবহে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরামর্শ, অনুপমের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের কথা বলা উচিত।
বেশ কয়েকদিন ধরেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনুপম হাজরা। কখনও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিজেপি কর্মীদের বরখাস্ত করার বিরুদ্ধে তো কখনও আবার জেলায় জেলায় বিজেপি কর্মীদের কোণঠাসা করার বিরুদ্ধে কথা বলেছেন অনুপম। আর দ্বন্দ্ব আরও তীব্র হয়, যখন গত মঙ্গলবার তিনি বিশ্বভারতী উপাচার্য ইস্যুতে তৃণমূলের অবস্থান মঞ্চে হাজির হন। এই নিয়ে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য তাঁকে বলেছিলেন তিনি যাতে সরাসরিই তৃণমূলে যোগ দেন।
এমনকি, গতকাল, বুধবারও বীরভূমের খয়রাশোলে বিজয়া সম্মিলনীতে যোগ দিতে যাওয়ার পথে ফেসবুক লাইভ করে রাজ্য নেতৃত্বকে তুলোধোনা করেছেন অনুপম। বিজেপির জেলা সাংগঠনিক সভাপতিদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমন ঘটনায় যে বঙ্গ বিজেপির অন্দরে বেশ অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, তা বাহুল্য।
এমন পরিস্থিতিতে এবার অনুপমের সঙ্গে রাজ্য নেতৃত্বের কথা বলা দরকার বলে মনে করছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “উনি হয়তো পার্টির ভিতরের কিছু কথা বাইরে বলছেন। সেটা নিয়েই সমস্যা হচ্ছে। যদি তাঁর (অনুপম) অবস্থান পার্টির বিরুদ্ধে যায়, তবে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত রাজ্যের। ওঁকে বলা উচিত যে, এগুলি দলীয় লাইনের বিরুদ্ধে যাচ্ছে”।
প্রসঙ্গত, দিলীপ একসময় রাজ্য বিজেপির সভাপতি ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন বটে, তবে এখন তিনি আর তেমন কোনও গুরুত্বপূর্ণ পদে নেই। এমন অবস্থায় দিলীপের এই পরামর্শ যে বেশ তাৎপর্যপূর্ণ, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অনুপমের মতোই কী দিলীপ ঘোষও রাজ্য নেতৃত্বের উপর বেশ বিরক্ত? এমন প্রশ্নও উঠছে।





