আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গোটা রাজ্য সহ দেশ তোলপাড়। ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সকল স্তরের মানুষ। দোষীদের উপযুক্ত ও কঠোর শাস্তির দাবী সকলের। এরই মধ্যে আর জি করে আর্থিক দুর্নীতির ঘটনাও সামনে এসেছে। আর তা নিয়ে মন্তব্য করতে গিয়েই এবার বেফাঁস মন্তব্য করে ফেললেন আর জি করেরই চিকিৎসক দেবব্রত দাস।
আর জি করের তরুণী চিকিৎসককে নির্মমভাবে খুনের ঘটনার মধ্যেই সামনে এসেছে আর জি করে আর্থিক দুর্নীতির বিষয়টিও। সেই ঘটনায় তদন্ত করছে সিবিআই। হাসপাতালে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বাড়িও তল্লাশি করেছে সিবিআই।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হন আখতার আলি। পড়ুয়াদের থেকে টাকা নিয়ে পাশ করানো থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য পাচার, আর্থিক তছরুপ, বেআইনি পার্কিং, লাশ পাচার এমন একাধিক অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগে সিলমোহর দিয়েছেন আর জি করের ইএনটি বিভাগের চিকিৎসক দেবব্রত দাস।
আর জি করের দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “গত চার বছর ধরে অনেক অনৈতিক কাজের সঙ্গে আমিও জড়িত। আমার মনে হয়, এখানে যারা ফ্যাকাল্টি আছে, তারাও জড়িত। কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম। আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে। দুর্ভাগ্যবশত মেয়েটা প্রাণ দিয়ে বোঝাল যে এবার বলতে হবে- ‘এটা ভুল হচ্ছে, এই লোকটা কালপ্রিট’”।
আর জি করের নতুন এমএসভিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। এর আগে তিনিও একাধিকবার হাসপাতালের এই আর্থিক দুর্নীতির বিষয়ে জানিয়েছেন। এবার সেই বিষয়ে সরব হলেন দেবব্রত দাস। সপ্তর্ষি চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোনও চাপের মুখে তারা মাথা নত করবেন না।






