কড়া নিষেধাজ্ঞা! এই জিনিসগুলি নিয়ে আর ঢোকা যাবে না কলকাতায়, নির্দেশিকা জারি করল পুলিশ

আর জি করের ঘটনার কারণে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে গোটা রাজ্যে। রাজ্যের মানুষ ফুঁসছেন। কবে হবে ন্যায় বিচার, তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন আবহে কোনও অশান্তি হতে পারে বলে আশঙ্কা পুলিশের। সেই কারণে এবার কলকাতায় বেশ কিছু জিনিস নিয়ে ঢোকা যাবে না বলে নির্দেশিকা জারি করল পুলিশ।

প্রকাশ্য রাস্তায় এমনিতেই তলোয়ার, লাঠি, বন্দুক নিয়ে ঘোরা নিষেধ। তবে এবার আলাদা করে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, এবার থেকে তলোয়ার, লাঠি, বন্দুক, কোনও ভারী ধারালো অস্ত্র নিয়ে আর প্রবেশ করা যাবে না কলকাতায়। কেউ যদি এই নির্দেশিকা লঙ্ঘন করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৫-এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর জি করের ঘটনার প্রতিবাদে শহরে লাগাতার প্রতিবাদ চলছে। মহিলাদের রাত দখলের কর্মসূচির রাতে হামলা হয় আর জি করে। আবার নবান্ন অভিযানের দিনও রণক্ষেত্র পরিস্থিতির তৈরি হয়। এরপর যাতে আর কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণেই এমন নির্দেশিকা বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মোতায়েন রয়েছে সিআইএস‌এফ, কিন্তু তাও আর জি করে সুরক্ষিত নন চিকিৎসক পড়ুয়ারা! কোন আতঙ্কে ভুগছেন চিকিৎসকরা?

প্রকাশ্য রাস্তায় কেউই কোনও অস্ত্র নিয়ে ঘুরতে পারে না। করলে শাস্তি হবেই। তাহলে আলাদা করে কেন এই নির্দেশিকা, তা নিয়ে অনেক মহল থেকেই উঠেছে প্রশ্ন। যদিও অনেকের মতেই, যাতে কোনও ভাবে আইনশৃঙ্খলা ভেঙে না পড়ে, সেই কারণেই এই নির্দেশিকা।

RELATED Articles