রাত পোহালেই মহাষষ্ঠী, মা দুর্গার বোধন। গোটা রাজ্য এখন উৎসবের আবহে মেতেছে। রাস্তায় রাস্তায় নেমেছে মানুষের ঢল। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। একদিকে যখন গোটা রাজ্য উৎসবে মেতেছে, ঠিক তখনই আজ, মহাপঞ্চমীর দিনই রাজ্যেই উদ্ধার হল ড্রাম ভর্তি বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আজ, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, আজ মহাপঞ্চমীর দিন সকালে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠাল বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা গ্রামের কবরস্থান এলাকার ফাঁকা জায়গায় ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর কিছু গ্রামবাসী ওই ড্রামের কাছে গিয়ে যা দেখেন, তাতে ভয়ে রীতিমতো কেঁপে ওঠেন তারা। কারণ ড্রাম ভর্তি বোমা দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুলিশে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এলাকাবাসীরা বোমা দেখার পরই খবর দেন পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা দেখেন যে সত্যিই ড্রামে বোমা রয়েছে। তৎক্ষণাৎ সেই জায়গাটি ঘিরে ফেলেন তারা যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা এসে বোমা নিষ্ক্রিয় করেন। এই ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। কে বা কারা এই বোমা মজুত করেছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, “ওই এলাকায় একটি ড্রামের মধ্যে বোমা রাখা ছিল। ওই ড্রামে ১০টি বোমা মজুত ছিল। কে বা কারা বোমাগুলি রেখেছে এবং কি উদ্দেশে রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!