কাঠ ও ফাইবার সহযোগে তৈরি দুর্গা প্রতিমা, এবার বাংলার যুবকের হাতে তৈরি সেই দুর্গামূর্তিই পাড়ি দিল সুদূর আমেরিকা

এবার আমেরিকাতে দুর্গাপুজো কাটবে কাঠ ও ফাইবারের তৈরি দুর্গামূর্তি দিয়েই। পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এক শিল্পীর হাতে তৈরি সেই মূর্তি পাড়ি দিল মার্কিন মুলুকে। সেই মূর্তি তৈরি করতে দিনরাত এক করে দিয়েছিলেন জাহান্নগর পঞ্চায়েতের মাগনপুরের বাসিন্দা বছর ২৪-এর শঙ্কু দেবনাথ। তাঁর বানানো সেই মূর্তি বিদেশে যাওয়ার আগে, তা দেখার জন্য লোকজন ভিড়ও জমিয়েছিলেন তাঁর বাড়ি।

ছোটো থেকেই সিমেন্ট, পাথর, ফাইবার, পিতল দিয়ে নানান মূর্তি ও নানান শিল্পকর্ম ফুটিয়ে তুলতেন শঙ্কু দেবনাথ। সকলের কাছে তা প্রশংসিত হয়েছে খুব। তবে দুর্গামূর্তি এই প্রথমবার বানালেন তিনি। মাস দুই আগে এই মূর্তির বরাত পান তিনি। সময় নষ্ট না করে দিনরাত এক করে খেটে বানিয়ে গিয়েছেন এই মূর্তি।

গত বুধবার বিমানে করে আমেরিকা পাড়ি দিয়েছে তাঁর সেই মূর্তি। মূর্তিটি তৈরি সাড়ে তিন ফুট লম্বা ও চার ফুট চওড়া কাঠের পাটাতনের উপর। মা দুর্গার সঙ্গে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্ত্তিক ও তাদের বাহনরাও। রংবেরংয়ের পাথর ও সিটি গোল্ডের গয়না দিয়ে সাজানো হয়েছে মূর্তি। শঙ্কুকে এতে সাহায্য করেছেন তাঁর মা, বাবা ও বোন।

কৃষ্ণনগর থেকেই মূর্তি গড়ার কাজ শিখেছেন শঙ্কু। তিনি জানান, “দুমাস আগে প্রতিবেশী দাদা তাপস দে’র মাধ্যমে আমেরিকা থেকে ঠাকুর তৈরির অর্ডারটি জীবনে প্রথমবার পেলাম। এর মধ্যে কোরিয়া থেকেও আরও একটি দুর্গামূর্তি বানানোর বরাত এসেছিল। হাতে সময় না থাকায় সেই অর্ডারটা নিতে পারিনি। কাঠের পাটাতনের উপর ফাইবারের তৈরি এই মূর্তির ওজন প্রায় ৬০ কেজি হবে”

ঠাকুর তৈরির মজুরি হিসাবে ৪ লক্ষ টাকা পাবেন শিল্পী শঙ্কু দেবনাথ। শিল্পীর বাবা মদন দেবনাথ বলেন, “বিদেশ থেকে এই প্রথমবার ছেলের ২ টি প্রতিমা তৈরির অর্ডার মেলে। যদিও সে একটাই করছে। ছেলের হাতের নকশা ও কারুকার্যের সুনাম হওয়ায় আমরা গর্বিত”।

শঙ্কু যে প্রতিবেশীর মাধ্যমে এই মূর্তির বরাত পেয়েছেন, সেই প্রতিবেশীর কথায়, “অনিমেষ রায় নামে স্বরূপগঞ্জের এক বন্ধু সপরিবারে এখন আমেরিকার লুইজিয়ানা রাজ্যের ইলিনুইজ স্ট্রিটে থাকেন। তিনি একজন গাড়ি ব্যবসায়ী। তিনি ও তাঁর দুই ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা দেড় দশক ধরে ওখানেই থাকেন। তাঁরা এবার প্রথমবার দুর্গাপুজো করবেন বলে মনস্থির করেছেন। এরপরেই ফোন করে এখান থেকে দুর্গামূর্তি তৈরির অর্ডার দেন শঙ্কু দেবনাথ নামে উঠতি শিল্পীকে। কারণ, তাঁর হাতের কাজ বর্তমানে সাড়া ফেলেছে বিভিন্ন জায়গায়। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। বিমানযোগে ক্যুরিয়ার করে তা পাঠানো হবে”।

RELATED Articles