দুর্গাপুজোর সময় রেহাই নেই বাঙালির! মণ্ডপে ঠাকুর দেখতে যাওয়া নিষিদ্ধ ইতিমধ্যেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট! আর এবার পূজোতে বাড়িতে বন্দি থাকার আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর! আগামী ২২থেকে অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে ২৪ শে অক্টোবর ভারী বর্ষণের পূর্ভাভাস করেছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে
বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপ রেখা সৃষ্টি হওয়ায় অন্ধ্র প্রদেশ উপকূল, রায়লসীমা, তেলাঙ্গনা, ওড়িশার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টি হতে পারে। সর্তকতা অবলম্বন করে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরের মধ্য ভাগে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এ ছাড়া বঙ্গোপসাগরের উত্তরাংশে ২২-২৪ অক্টোবর এবং ওড়িশা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলেও এই সময় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
একইসঙ্গে জানানো হয়েছে, নিম্নচাপ রেখাটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে সেটি উত্তর-পশ্চিমে সরে ক্রমশ উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যাবে। এর জেরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
প্রসঙ্গত উল্লেখ যোগ্য ইতিমধ্যে ফৈজাবাদ, ফতেহপুর, নওগাঁ, রাজগড়, রতলম, বল্লভ, বিদ্যানগর ও পোরবন্দর হয়ে ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে মৌসুমি বায়ু। একই সঙ্গে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও গুজরাতের বাকি অংশ থেকেও। উত্তর ও মধ্য আরব সাগর এবং মহারাষ্ট্রের উত্তরাংশ থেকেও আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে।





