সম্প্রতি ঘটে যাওয়া আর জি করের ঘটনা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে রয়েছে উত্তেজনা। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ করা হচ্ছে দিকে দিকে। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সকলে। দোষীদের শাস্তির দাবীতে চলছে আন্দোলন, বিক্ষোভ। এই বিক্ষোভরত শহরেই ভরদুপুরে মাঝ রাস্তায় ঘটে গেল আরও এক নৃশংস ঘটনা। হামলার মুখে গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী মোহর সেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন দুর্নিবার। সেই ভিডিওর মাধ্যমে তিনি জানান, তাঁর ও তাঁর স্ত্রীয়ের উপর মাঝ রাস্তাতেই হামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নাকতলার ৯৯ নম্বর ওয়ার্ডে। তিনি জানান, আজ, শনিবার দুপুরের দিকে তিনি ও তাঁর স্ত্রী তাদের সারমেয়র পরিচর্যা কেন্দ্রে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার মাঝে চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। গাড়ির হর্ন বাজিয়ে তাদের সরে যেতে বলেন তিনি। আর তাতেই বাড়ে ঝামেলা। তারা উল্টে এসে হামলা চালান দুর্নিবারের উপর।
দুর্নিবার ভিডিওতে বলেন, “ভর দুপুরে রাস্তার মাঝে কাজ করছিলেন ওঁরা। কোথাও কোনও ‘স্টপ’ চিহ্ন ছিল না। পাঁচ-ছয় বার গাড়ির হর্ন বাজানোর পরেও তাঁরা না সরলে আমি গাড়ির কাচ নামাই এবং তাঁদের রাস্তা থেকে সরে যেতে বলি যাতে গাড়িটা যেতে পারে। কিন্তু তাঁরা তেড়ে এসে খুব প্ররোচনামূলক কথা বলতে থাকেন। আমি বাধ্য হই গাড়ি থেকে নামতে”।
দুর্নিবার জানান, তিনি নামার পরই দুজন মিলে তাঁর হাত চেপে ধরে। একজন তাঁর গলা টিপে ধরে। দুর্নিবার ভিডিওতে দেখানও যে তাঁর গলায় এখনও দাগ রয়েছে। অকথ্য ভাষায় কথা বলতে থাকে ওই কর্মীরা। তিনি জানান, তাঁকে রাস্তার উল্টো দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় গাড়ি থেকে নামেন তাঁর স্ত্রী মোহর।
দুর্নিবার জানান, মোহর অত্যন্ত সাহসের সঙ্গে বলেন যে ‘সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখান’। দুর্নিবার জানান, তাদের মধ্যে থাকা এক মহিলা মোহরকে ধাক্কাও দেন কয়েকবার, এমনকি কাঠের ডাল নিয়ে তেড়ে আসে তারা। ভিডিওর মাধ্যমে দুর্নিবার জানান, তারা শারীরিকভাবে না হলে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন এমন ঘটনায়। আমজনতার কাছে তাঁর আর্জি, তারা যেন এমন মানুষ যাদের চোখেমুখে অশিক্ষার ছাপ, তাদের থেকে দূরে থাকেন।
দুর্নিবার জানান, তিনি নেতাজিনগর থানায় এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। দুর্নিবারের কথায়, হামলাকারীরা স্থানীয় বাসিন্দাই ছিলেন, তারা কোনও ঠিকাদার কর্মী নন। দুর্নিবার ও মোহরের একটাই প্রশ্ন, এই শহরে ছেলে বা মেয়ে দিনে বা রাতে কেউই কখনই কী সুরক্ষিত নয়?






