‘আমার মেয়েটার সঙ্গেও এমন ঘটবে না তো…’, আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন যৌনকর্মীরা

আর জি করে তরুণী চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচার চলেছে, সেই ঘটনার প্রতিবাদে সরব গোটা রাজ্য-সহ দেশ। এই ঘটনার প্রতিবাদের আঁচ পড়েছে বিদেশের মাটিতেও। প্রতিবাদে রাস্তায় নেমে মিছিল করছেন সাধারণ মানুষ। এবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন যৌনকর্মীরা।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি। সকলের মুখে একটাই দাবী, দোষীদের শাস্তি চাই। কেউ যাতে ছাড়া না পায় এই ঘটনায়। এই ঘটনার প্রতিবাদে তরুণী চিকিৎসকের জন্য রাস্তায় নেমে আন্দোলন করলেন কুলটির দিশা লচিপুর চবকা যৌনপল্লীর যৌনকর্মীরা। গতকাল, শুক্রবার রাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন তারা। এই প্রতিবাদ মিছিলে স্লোগান ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে। দুর্বার মহিলা সমিতির দাবী, পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম। তাঁদের প্রশ্ন, সিবিআই যদি এখনও পর্যন্ত কাউকে ধরতে না পারে, তাহলে পুলিশ কী করে পারবে। আর জি কর কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি যৌনকর্মীদের নিরাপত্তার দাবীও ওঠে এদিন।

দুর্বার মহিলা সমিতির এক সদস্য বলেন, “আমরা যৌনপল্লীর মেয়েদের নিরাপত্তার জন্য এই মিছিল করছি, যাতে মেয়েরা নিরাপদে থাকে। আজ একজন ডাক্তারের সঙ্গে যা ঘটেছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, তা যে আমাদের মেয়েদের সঙ্গে ঘটবে না, তা কে বলতে পারে”।

দুর্বার মহিলা সমিতির সঙ্গে যুক্ত এক সংস্থার প্রতিনিধি বলেন, “আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ওপর যে নির্যাতন হয়ছে তার প্রতিবাদে যৌনকর্মীদের নিয়ে প্রতিবাদ করেছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।

RELATED Articles