দল ভাঙ্গনে বেজায় অস্থির পূর্ব মেদিনীপুর! তরী বাঁচাতে নাজেহাল শাসক শিবির। এবার ভোটের মুখে ফের পূর্ব মেদিনীপুরে শাসক শিবির ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল যুব সহ সভাপতি রামকৃষ্ণ দাস।
দল ছাড়ার কারণ হিসেবে জানিয়েছেন দলে গুরুত্ব না পাওয়ার কথা।
তবে অবশ্য তিনি একা দল ছাড়ছেন না। তাঁর দাবি, তৃণমূল থেকে আরও কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য ও নেতা আগামী ২রা জানুয়ারি মহিষাদলে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে ঢুকবেন।
সূত্রের খবর, জানা গিয়েছে, ইটামগরা–২ গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রামকৃষ্ণ দাস বরাবরই শুভেন্দু অনুগামী বলেই পরিচিত। এবং যথারীতি শুভেন্দুর বিজেপি যাত্রার পর রামকৃষ্ণ’র কিছু কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি তৃণমূলের তরফ থেকে তাঁকে শো’কজ চিঠি দেওয়া হয়। যদিও সেই চিঠির উত্তর দেননি তিনি। আর তার পরই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। এদিন রামকৃষ্ণ আরও জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি মহিষাদলের দ্বারিবেড়াতে বিজেপি–র সভায় তাঁর সঙ্গে আরও ১০–১৫ জন তৃণমূল নেতাও গেরুয়া শিবিরে ঝান্ডা হাতে তুলে নেবেন। আজ অর্থাৎ সোমবার এই বিষয়ে রামকৃষ্ণ দাস বলেন, ‘২ তারিখে আনুষ্ঠানিকভাবে দল ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে তাঁর সাথী হয়ে লড়াই করার ইচ্ছে রয়েছে। সেটাই আমার সিদ্ধান্ত।’
তবে, যুব তৃণমূলের জেলা সহ সভাপতির দলবদলের এই সিদ্ধান্তকে খুব একটা আমল দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব।





