ফের শারীরিক নির্যাতনের পর শিশু হত্যার ঘটনা ঘটলো রাজ্যে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ৫ বছরের এক শিশুকন্যাকে নির্যাতন করে খুনের অভিযোগ উঠল।
মৃত শিশুটির পরিবারের অভিযোগ, কুল দেওয়ার লোভ দেখিয়ে মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত ওই প্রতিবেশী যুবক।এরপর নির্যাতন করে খুন করে পাঁকে পুঁতে দেয় শিশুকন্যাটিকে! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। অভিযুক্ত যুবক ও তার বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম শুভেন্দু ঘটাম। ঘটনা জানাজানি হতেই, উদোম গণপিটুনি দেয়া হয় অভিযুক্তকে।
নিহত শিশুটির পরিবারের দাবি,শনিবার সকালে বাড়ি থেকে শিশুকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী শুভেন্দু। দীর্ঘক্ষণ কেটে গেলে পরেও মেয়ে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। সন্ধ্যের সময় দিকে পুকুরের পাঁকের মধ্যে উদ্ধার হয় মেয়ের দেহ। নিহত শিশুটির মা জানিয়েছেন, ওই যুবক তাঁর মেয়েকে ডেকে নিয়ে যায়। তারপর নির্যাতন চালিয়ে খুন করেছে।
এরপরই অভিযুক্ত যুবককে ধরে শুরু হয় গণপ্রহার। পুলিশ এসে পাকড়াও করে যুবককে। গ্রেফতার করা হয় তার বাবাকেও।
পুলিশের দাবি, ইতিমধ্যেই শুভেন্দু জেরায় স্বীকার করেছে, কুলের লোভ দেখিয়ে শিশুটিকে জঙ্গলে নিয়ে যায় সে। এরপর তাকে ধর্ষণ করে। তাতে বাধা দেওয়ায় গলা টিপে খুন করে শুভেন্দু। এদিকে, অভিযুক্ত যুবক অসুস্থ থাকায় তাকে এগরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকের বাবাকে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত।