শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ‘যকের ধন’, রেশন দুর্নীতিতে তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার বালু-ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান

শুক্রবার যেন রাজ্যে এক হই হই রব ছিল গোটা দিন। এদিন সকালেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তৃণমূল নেতার অনুগামীরা হামলা চালায় তদন্তকারীদের উপর। হাসপাতালে ভর্তি ৩ জন। কোনওরকমে পালিয়ে বাঁচেন তারা। এরপর এদিন রাত ১২টা নাগাদ ইডির হাতে গ্রেফতার হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। ১৬ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার করা হয় রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ শঙ্করকে।

রেশন দুর্নীতি কাণ্ডেই বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বাড়ি ও শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় ইডি। ১৬ ঘণ্টা ধরে চলে তল্লাশি। শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে ৮ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি, এমনটাই খবর। রাত ৯টা নাগাদ সেখান থেকে বেরিয়ে শঙ্কর আঢ্যর শিমূলতলার বাড়ি যান তদন্তকারীরা। সেখান থেকেই গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকে।

শঙ্কর আঢ্য জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিন শঙ্করকে গ্রেফতার করার পর নিয়ে যাওয়ার সময়ও ফের আক্রমণের মুখে পড়েন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, শঙ্কর আঢ্যর অনুগামীরা ইডির কনভয়ে ইট ছোঁড়ে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাদের লাঠি উঁচিয়ে তাড়া করে। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।   

কী জানাচ্ছে শঙ্করের পরিবার?

এই গ্রেফতারি নিয়ে বেশ ক্ষুব্ধ শঙ্কর আঢ্যর স্ত্রী। তিনি বলেন, “ওঁরা অনেকক্ষণ ধরে তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদ করে। তার পর হঠাৎ পকেট থেকে একটা কাগজ বের কর বলেন যে গ্রেপ্তার করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের মামলায় এই গ্রেপ্তারি। কিন্তু উনি নির্দোষ”।

শঙ্কর পরিবারের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাদের যোগাযোগ শুধুই রাজনৈতিক। ইডি সূত্র মারফত খবর, রেশন দুর্নীতি মামলায় বনগাঁর এই দাপুটে নেতার যোগ রয়েছে। শঙ্কর আঢ্যর ব্যবসাগুলি মধ্যে বিদেশি নোট এক্সচেঞ্জের ব্যবসাও রয়েছে। ইডির সন্দেহ, রেশন দুর্নীতির কালো টাকা এই শঙ্কর আঢ্যর মাধ্যমেই সাদা করা হত।

RELATED Articles