উত্তর ভারত কাঁপছে কনকনে ঠাণ্ডায়, বাংলায় কী আদৌ আর ঠাণ্ডা ফিরবে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

উত্তর ভারত হাড়কাঁপানো ঠাণ্ডাতে কাঁপছে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ফের গায়েব শীত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত কমেছে বাংলায়। ফলে জাঁকিয়ে শীত উপভোগ করা আপাতত আর নেই বঙ্গবাসীর কপালে।

কী জানাচ্ছে হাওয়া অফিস?           

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারের মতো শনি ও রবিবারও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ বেশ কিছু জেলায় শনিবার মেঘলা আকাশ থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গে সেভাবে শীতের আমেজ না পাওয়া গেলেও উত্তরবঙ্গে কিন্তু ভালোই ঠাণ্ডা রয়েছে। আগামী কয়েকদিনে দার্জিলিং-সহ পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানাল হাওয়া অফিস। শনি ও রবিবার কলকাতায় তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। ১০ জানুয়ারি থেকে ফের বাংলায় শীত পড়তে পারে।

গতকাল, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৪৯ শতাংশ। আজ, শনিবার ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

বঙ্গে শীত না থাকলেও, উত্তর ভারতে কিন্তু দারুণ ব্যাটিং করছে শীত। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। দিল্লি, উত্তর প্রদেশে দৃশ্যমানতা খুবই কম। জম্মু-কাশ্মীর, লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের অবস্থা আরও খারাপ। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে । প্রবল শীতের কারণে উত্তর ভারতের বাসিন্দাদের জবুথবু অবস্থা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles