‘পার্থই নিয়োগ দুর্নীতি ষড়যন্ত্রের শিক্ষক, শান্তনুরা তো ছাত্র’, আদালতে বিস্ফোরক দাবী ইডি-র

নিয়োগ দুর্নীতিতে একের পর এক নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। এই দুর্নীতির আসল মাথা কে, তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। এরই মাঝে আজ, শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে বিস্ফোরক দাবী করলেন ইডি-র আইনজীবী। তাঁর দাবী, পার্থ চট্টোপাধ্যায়ই এই ষড়যন্ত্রের শিক্ষক ও শান্তনু ছাত্র।

আজ, শুক্রবার ইডি হেফাজত শেষ হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এদিন ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তাঁকে। এদিন সওয়াল জবাব চলাকালীন ইডি’র আইনজীবী বলেন, “আমরা আগে জানিয়েছিলাম সোনার খনির মধ্যে প্রবেশ করেছি। অয়ন শীলের গ্রেফতারের পর শুধু স্কুল নিয়োগ নয় অন্য ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এখন দেখছি এই খনি অসীম অনন্ত। দুর্নীতির ষড়যন্ত্রের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক। শান্তনু ছাত্র। পার্থ পথ দেখিয়েছেন। আর এরা অনুসরণ করেছে”।

এদিন আদালতে ইডি-র আইনজীবী বর্ণনা দেন যে কীভাবে একের পর এক সংস্থা খুলে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। আইনজীবী আদালতে জানান, “প্রার্থীদের টাকা ভুয়ো সংস্থায় বিনিয়োগ হয়েছে। সংস্থা খোলার জন্য ডামি ডিরেক্টর নিয়োগ করেছে। ভুয়ো সংস্থার মাধ্যমে সম্পত্তি কেনা এবং কালো টাকা সাদা করা হয়েছে”।

ইডি-র আইনজীবী জানান, “শীতের পর বসন্ত আসে। বসন্ত তারপর গরম এবং বর্ষার পর রামধনু। একটু ধৈর্য ধরুন আমরা বসন্তে আছি। সেই রামধনুর কাছাকাছি পৌঁছেছি”।

অন্যদিকে এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে ইডি’র আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতিতে স্ত্রীর কোনও ভূমিকা নেই বলেই জানিয়েছেন শান্তনু। এদিন শান্তনুর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বিচারক শান্তনুকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

RELATED Articles