সামনেই লোকসভা নির্বাচন। চারিদিকে যখন জোরকদমে ভোট প্রচার শুরু হয়েছে, এমন সময় ফের আরও একবার বেশ বিপাকে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। এর জেরে মহুয়ার প্রার্থীপদ নিয়ে উঠল প্রশ্ন। আদৌ ভোটে লড়তে পারবেন তো তিনি?
ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিদেশী মুদ্রা আইন বা ফেমা-র অধীনে মামলা চলছে। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল আর্থিক তছরুপের মামলা। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আগেই এনেছিল সিবিআই। সেই অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করেছে ইডি।
জানা গিয়েছে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ আইনে মামলা করা হয়েছে মহুয়ার বিরুদ্ধে। গত সপ্তাহেই মহুয়াকে তলব করেছিল ইডি। টাকা বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু ভোটের আগে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন। পরপর তিনবার হাজিরা এড়ানোর পর এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি। ফলে ভোটের আগে বেশ অস্বস্তি বাড়ল তৃণমূল প্রার্থীর(Mahua Moitra)।
সংসদে টাকার বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানির থেকে দামী উপহার ও নগদ অর্থ নিয়ে তাঁকে সংসদের পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই খারিজ হয় মহুয়ার সাংসদ পদ। সেই মামলাতেই তাঁকে ইডি তলব করলেও হাজিরা এড়িয়ে যান তিনি।
কিছুদিন আগেই মহুয়ার বাড়ি তল্লাশি অভিযান চালায় সিবিআই। এই নিয়ে সরব হয়ে মহুয়ার (Mahua Moitra) পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই মামলা করার প্রসঙ্গে মহুয়া বলেন, “সিবিআই এল। ওরা খালি হাতে ঘুরে গেল। দেশের মানুষ সবটা দেখছে। ওরা আমায় দেখেই থরথর করে কাঁপে। আমার কোনও গ্রেফতারির কোনও আশঙ্কা নেই”।






