তৃণমূল নেতা শাহজাহানের বাড়ি রেশন দুর্নীতির তদন্তে গেলে ইডির উপর হামলা, আধিকারিকদের মাথা ফাটালেন নেতার অনুগামীরা

রেশন দুর্নীতির তদন্ত করতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনা এলাকায়। শেখ শাহজাহানের বাড়ি গেলেই আধিকারিকদের উপর হামলা চালান তৃণমূল নেতার অনুগামীরা। কোনওরকমে প্রাণ হাতে নিয়ে এলাকা থেকে পালিয়ে আসেন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।  

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার সন্দেশখালির সরবেড়িয়াতে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১ নম্বর ব্লকের সভাপতি হলেন শেখ শাহাজাহান।  তিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এলাকায় বেশ প্রভাবশালী হিসেবেই পরিচিত শাহজাহান। রেশন দুর্নীতির কাণ্ডেই শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশির জন্য ইডি আধিকারিকরা সরবেরিয়া পৌঁছন ইডি আধিকারিকরা। শাহজাহানের বাড়িতে ডাকাডাকি করলেও কেউ দরজা খোলে নি জানা গিয়েছে।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতার অনুগামীরা। না জানিয়ে আচমকা এমন হানা কেন, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ইডির আধিকারিকদের মারধর শুরু করে নেতার অনুগামীরা। একজনের মাথা ফেটে যায় এই ঘটনায়।

অভিযোগ, ইডির গাড়িতেও ভাঙচুর করা হয়। ইডি আধিকারিকদের ধাওয়া করতে থাকে তারা। হাতের সামনে বাইক, অটো যা পান, তাতে চেপেই প্রাণ হাতে নিয়ে এলাকা ছাড়েন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পরিস্থিতি এতই উত্তপ্ত ছিল যে তৃণমূল নেতার বাড়ি তল্লাশিই চালাতে পারেন নি ইডি আধিকারিকরা।  

তৃণমূল নেতা শাহজাহানের বাড়ি রেশন দুর্নীতির তদন্তে গেলে ইডির উপর হামলা, আধিকারিকদের মাথা ফাটালেন নেতার অনুগামীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও একাংশ গ্রামবাসীর রণংদেহী মূর্তির মুখে পড়ে রীতিমতো পিছু হঠেন ইডির আধিকারিকরা। আক্রান্ত এক ইডি আধিকারিক বলেন, “আচমকা হামলা শুরু হল। তাতেই ২জনের মাথা ফেটেছে।   আমরা ফিরে যাচ্ছি”।

শুধুমাত্র তৃণমূল নেতার বাড়িই নয়, কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। গোপাল মল্লিক নামে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। এদিন সকাল থেকে  বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতেও অভিযান চলছে।

আরও অন্যান্য খবর