সকাল সকাল বড় অ্যাকশনে ইডি, তৃণমূল বিধায়কের বাড়ি-সহ একাধিক ঠিকানায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, কী ঘটল?

সকাল সকাল বড় অ্যাকশনে নামল ইডি। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার শুনানি। তা নিয়ে এখন উদ্বেগে বাংলার মানুষ। এরই মধ্যে এদিনই সকালে তৃণমূল বিধায়কের বাড়ি ও একাধিক জায়গায় ইডির অভিযান। হঠাৎ কেন এই হানা?

জানা গিয়েছে, এদিন শহরের ৬ জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চালানো হচ্ছে তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিং হোমে। এদিন সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ এই চিকিৎসক নেতার নানান ঠিকানায় পৌঁছন ইডি আধিকারিকরা।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গেই উঠে আসে আর জি করের আর্থিক দুর্নীতির বিষয়টিও। এই মামলায় সিবিআই তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সিবিআইয়ের স্ক্যানারে আসেন এই চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। তিনি আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বি টি রোডের পাশে বাড়িতে হানা দিয়েছিল ইডি। এবার আজ, মঙ্গলবার সকাল সকাল তৃণমূল বিধায়কের তিন ঠিকানায় তল্লাশি শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এরই সঙ্গে এদিন সকালে ইডির অন্য একটি দল পৌঁছয় সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়ি ও নার্সিং হোমেও। সুদীপ্ত রায় ভিতরেই রয়েছেন বলে খবর। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আর জি করের আর্থিক দুর্নীতি কাণ্ডে নতুন কোনও তথ্য উঠে আসে কী না সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকদের দাবী মেনে নিলেন মমতা, আগামীকালই পুলিশ কমিশনার বদল, সরানো হচ্ছে দুই স্বাস্থ্যকর্তা-সহ ডিসি নর্থকেও

এদিন শুধুমাত্র সুদীপ্ত রায়ই নয়, ইডি অভিযান চালিয়েছেন বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়িতেও। ইনি আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসার নানান যন্ত্রপাতি সাপ্লাই করতেন বলে খবর। আর সেখান থেকে সন্দীপ ঘোষ কমিশন নিতেন বলে অভিযোগ। সেই কারণেই সন্দীপ জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি।     

আরও অন্যান্য খবর