সন্দীপ সিবিআই হেফাজতে, এবার তাঁর দুয়ারে ইডি, আর্থিক দুর্নীতি মামলায় আরও বড় বিপাকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ

আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আর এবার অন্য এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তৎপর হল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজ, শুক্রবার ভোরে ইডি আধিকারিকরা অভিযান চালান সন্দীপের বাড়িতে। এর ফলে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ যে আরও বড় চাপের মুখে, তা বলাই বাহুল্য।

আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। এরই মধ্যে আজ, শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিট নাগাদ তাঁর বাড়িতে অভিযান চালায় ইডি। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরাও। এদিন শুধুমাত্র সন্দীপ ঘোষই নয়, আরও বেশ কয়েক জায়গায় হানা দিয়েছে ইডি।

এদিন হাওড়ার সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ দুজনের বাড়িতে হানা দেয় ইডি। একজন ভেন্ডর বিপ্লব সিনহা ও অন্যজন কৌশিক কোলে। এই দুজনের বাড়িতেই চলছে তল্লাশি। সন্দীপের মতো বিপ্লবকেও আগেই গ্রেফতার করেছে সিবিআই।

আর জি করের আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পরই সমস্ত নথি দিল্লিতে ইডির সদর দফতরে পাঠানো হয়েছিল। সেই সময়ই ধারণা করা হচ্ছিল যে সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালাতে পারে ইডি। আর হলও তাই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর জি করে আর্থিক তছরুপ, জৈব বর্জ্য দুর্নীতি, পার্কিং দুর্নীতি, মৃতদেহ নিয়ে ব্যবসা সহ নানান দুর্নীতির অভিযোগ করেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।

এরপর থেকেই এই দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। সন্দীপ ঘোষের সঙ্গেই গ্রেফতার করা হয় বিপ্লব সিনহা, সুমন হাজরা ও আফসার আলি। ধৃতদের মধ্যে বিপ্লবের সংস্থা নানান হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। তাঁর বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। অন্যদিকে, সুমন হাজরার ওষুধের দোকানেও অভিযান চালিয়েছিল সিবিআই। আর আফসর ছিলেন সন্দীপের দেহরক্ষী।  

RELATED Articles