ভোট যত এগিয়ে আসছে, ইডি যেন আরও বেশি সক্রিয় হচ্ছে। আজ, শুক্রবার সকাল থেকেই অ্যাকশন মোডে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার গরু পাচার কাণ্ড ও নিয়োগ দুর্নীতি কাণ্ড, উভয় মামলাতেই মমতার আরও এক মন্ত্রীর বাড়ি হানা দিল ইডি। মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটের আগে এমন ঘটনায় ফের বিড়ম্বনায় তৃণমূল।
গরু পাচার কাণ্ডে গত প্রায় দু’বছর ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। আপাতত তিনি রয়েছেন তিহাড় জেলে। এবার এই কাণ্ডেই ফের এক মন্ত্রীর বাড়ি তল্লাশি অভিযান ইডির। আজ, শুক্রবার সকাল থেকেই কলকাতার প্রায় ৫ জায়গায় তল্লাশি শুরু করে ইডি। চেতলায় এক ব্যবসায়ীর বাড়িতে প্রথমে হানা দেয়। পাশাপাশি লেকটাউন-সহ মোট ৫ জায়গায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে থেকেই ইডির একটি দল পৌঁছয় রাজ্যের এই মন্ত্রীর বাড়ি।
কোন মন্ত্রীর বাড়ি হানা দেওয়া হয়েছে?
রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। এদিন তাঁর বাড়িতেই হানা দিয়েছে ইডি। দীর্ঘদিন ধরেই গরু পাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। এর আগে তাঁকে দু’বার তলবও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাজিরাও দিয়েছিলেন তিনি। এবার এই হানা।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি বোলপুরের নিচুপট্টি এলাকায়। তিনি এলাকায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ইডির একটি দল পৌঁছয় চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে। তাঁর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় জওয়ানরা। তবে মন্ত্রী ওই বাড়িতে ছিলেন না। তিনি রয়েছেন মুরারইয়ের বাড়িতে।
এদিন মন্ত্রীর নিচুপট্টির বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। চলছে তল্লাশি। এই ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তাঁর কথায়, “এখন ভোট এসে গিয়েছে। তাই নিয়ম করে রাজ্যের মন্ত্রীদের বাড়িতে ইডি-সিবিআই পাঠানো হবে”। তাঁর দাবী, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে।





