টাকার অন্ত নেই রাজ্যে! ভোট বাংলায় ফের উদ্ধার লক্ষ লক্ষ, নাকা চেকিংয়ের সময় গাড়ি সার্চ করতেই চোখ ছানাবড়া পুলিশের

সামনেই লোকসভা নির্বাচন। চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। এর জেরে এখন আরও কঠোর নাকা চেকিং। সমস্ত চেকপোস্টে আড়ি থামিয়ে চলছে তল্লাশি। বেগতিক দেখলেই আটক করা হচ্ছে গাড়ি-সহ চালককে। এবার এই নাকা তল্লাশির সময়ই এক গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে খবর।

কোথায় ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ কোলাঘাটের শরৎ সেতুর উওর চলছিল নাকা তল্লাশি। সেই সময় কলকাতা থেকে ওড়িশার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট সাদা গাড়ি। নাকা তল্লাশির জন্য আটকানো হয় গাড়িটিকে। গাড়ির চালক ও গাড়িতে থাকা ব্যক্তিদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ হয় পুলিশের।

এরপরই ওই গাড়ি আটক করে চলে তল্লাশি। গাড়িতে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ২০ লক্ষ টাকা। খবর পেয়ে সেখানে আসেন ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা। আসেন আয়কর দফতরের আধিকারিকরাও। বাজেয়াপ্ত করা হয় ওই টাকা। গাড়ির চালক-সহ তিনজনকে আটক করে পুলিশ।

তাদের আটক করে বিডিও অফিসে রাখা হয়। ওই উদ্ধার হওয়া টাকার উৎসের খোঁজে তল্লাশি শুরু করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। আটক হওয়া ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। ওই টাকার উৎস, কোথা থেকে ওই টাকা আনা হচ্ছিল বা কেন আনা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন করা হলেও কোনও জবাব মেলেনি।    

এই ঘটনায় কোলাঘাট থানার ওসি সৌরভ চিনিয়া বলেন, “নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর থেকেই ৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটের শরৎ সেতু এলাকায় নাকা চেকিংয়ের এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই নাকা চেকিং চলাকালীন এই বিপুল অর্থ উদ্ধার হয়েছে”।

প্রসঙ্গত, ভোটের আগে আরও কড়া হয়েছে নাকা তল্লাশি। পূর্ব মেদিনীপুর জেলায় ১৬ট বিধানসভা কেন্দ্র রয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেক বিধানসভার জন্য তৈরি হয়েছে তিনটি করে ফ্লাইং স্কোয়াড টিম। গোটা জেলাতেও ২১টি নাকা চেকিংয়ের পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ। বেআইনি অস্ত্রশস্ত্র, চোলাই ম’দ, টাকা পাচার হচ্ছে কী না, এর উপরেই মূলত নজরদারি করা হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর