শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম এলাকায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হঠাৎ করেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একদিকে চলছিল অফিসে নথিপত্র খোঁজার কাজ, অন্যদিকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি রেস্তোরাঁয় ঢুকে পড়েন তদন্তকারীরা। প্রশ্ন উঠতে শুরু করে— কী এমন খোঁজে নামল ইডি?
তদন্ত সূত্রে জানা গিয়েছে, এই অভিযান পুরনিয়োগ দুর্নীতি মামলার সঙ্গেই যুক্ত। ২১ মাস আগেও একই মামলায় সুজিত বসুর নাম উঠে এসেছিল আলোচনায়। এবার ফের তিনি ইডির স্ক্যানারে। শুধু তিনিই নন, তাঁর আপ্ত-সহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। পুরসভার নিয়োগ সংক্রান্ত বেনিয়ম নিয়ে ইডি ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেয়েছিল সিবিআইয়ের হাতে আটক অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে।
ইডির দল শুক্রবার মোট ১৩টি জায়গায় একযোগে তল্লাশি চালায়— সুজিত বসুর অফিস, তাঁর ছেলের ধাবা, ঘনিষ্ঠদের বাড়ি, অফিস ও গোডাউন। দীর্ঘ ২০ ঘণ্টার অভিযানে মিলেছে নগদ টাকা, বেশ কিছু নথি, সম্পত্তির কাগজ, মোবাইল ও ডিজিটাল ডিভাইস। তদন্তকারীরা জানিয়েছেন, এই অভিযানেই বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা নগদ। রাত গড়িয়ে মধ্যরাতেও অভিযান চলেছে মন্ত্রীর অফিসে।
ইডি সূত্রের দাবি, উদ্ধার হওয়া নথিগুলির সূত্র ধরে ১৪টি পুরসভার নিয়োগে বেনিয়মের ইঙ্গিত মিলেছে। তার মধ্যে অন্যতম দক্ষিণ দমদম পুরসভা, যেখানে সংশ্লিষ্ট সময়কালে ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু নিজে। পরবর্তীতে তিনি মন্ত্রী হলে, ওই পদটি পান তাঁর আপ্ত সহায়ক নিতাই দত্ত। তদন্তকারীদের মতে, পুরনিয়োগের সময় যেসব নথি তৈরি হয়েছিল, তার বেশিরভাগই এখন প্রশ্নের মুখে।
আরও পড়ুনঃ Saugata Roy: “খেলা-মেলায় গেলে পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়”— সৌগত রায়ের মন্তব্যে তৃণমূলেই বিতর্কের ঝড়!
ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা অর্থ ও নথি বিশ্লেষণ শুরু করেছে। কেন্দ্রীয় সংস্থার মতে, উদ্ধার হওয়া ডিজিটাল ডেটার মাধ্যমে আরও নাম সামনে আসতে পারে। যদিও এখনো পর্যন্ত সুজিত বসুর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন— ২১ মাস পর পুরনিয়োগ দুর্নীতি মামলা যে নতুন মোড় নিল, তাতে রাজনীতির অন্দরমহলেও অস্থিরতা বাড়ছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!