বাংলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতীর পৌষমেলা প্রাঙ্গনকে পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। আর এবার এই অশান্তির পিছনে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)।
ইডি সূত্রে খবর, গত সোমবার কয়েক হাজার মানুষ পৌষমেলা প্রাঙ্গনে জড়ো হয়ে গোলমাল করে। এমনকী, পাঁচিল ও গেট ভাঙার জন্য পেলোডারও ব্যবহার করা হয়। এই লোক জোগাড় ও ভাঙাভাঙির জন্য টাকা খরচ করা হয়েছিল কি না, সেই তথ্য জানতে ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন।
ইডি মনে করছে, সংগঠিত ভাবেই লোক জোগাড় করা হয়েছিল। মেলার মাঠ বাঁচানোর দাবিতে একটি মঞ্চ তৈরি হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত লোক একসঙ্গে জোগাড় করা সম্ভব কি না সেটা নিয়েই সংশয়ে রয়েছে ইডি। এই ক্ষেত্রে যারা গোলমালের করেছিল, কোন ব্যক্তি বা সংগঠন তাদের টাকা দিয়ে সাহায্য করে ছিল কি না, তা ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে বিশ্বভারতীর এই ঘটনা নিয়ে অভিযোগ সংক্রান্ত নথি পাওয়ার জন্য ইডির পক্ষে রাজ্য পুলিশের ডিজি (DGP) ও বীরভূমের পুলিশ সুপারকে চিঠিও দেওয়া হয়েছে।





