ভয়াল হচ্ছে করোনা পরিস্থিতি। ইতিমধ্যেই বাংলায় নির্বাচনী জনসভা ঘিরে গতকাল কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আর তারপর আজই সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আগামী শুক্রবার নির্বাচন কমিশনের অফিসে এই বৈঠকে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। বাংলা সমস্ত রাজনৈতিক দলগুলিকে একজন করে প্রতিনিধি পাঠাতে অনুরোধ করা হয়েছে। করোনাবিধি মেনে যাতে প্রচার হয়, এবং তার জন্য কী কী করণীয়, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। জানা গেছে বৈঠকে থাকবেন এডিজি আইনশৃঙ্খলা জগ মোহন, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
তবে উল্লেখ্য ইতিমধ্যেই বাম শিবিরের তরফে জানানো হয়েছে কর্নার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এরপর থেকে আর কোনও বড় জমায়েত করবে না তাঁরা।
আরও পড়ুন-WB Election 2021: ভোটপ্রচারের নামে বহিরাগত এনে রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি! আজব দোষারোপ মমতার
প্রসঙ্গত, মঙ্গলবার করোনায় ২০ জনের মৃত্যু হয়, আক্রান্ত হন ৪,৮১৭ জন।একদিনের নিরিখে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ! এই পরিস্থিতিতে করোনা নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন নিয়ে ঢিলেমি নয়। রাজনৈতিক মিটিং মিছিলে যেন কোভিডবিধি মেনে চলা হয়। নয়তো কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের এই নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি জেলা শাসকের কাছে। নির্দেশ অনুযায়ী যে কোনও রাজনৈতিক জমায়েতে মাস্ক না পরলেই ব্যবস্থা নিতে পারবে পুলিশ-প্রশাসন। হাই কোর্ট বলছে, “একজনের গা-ছাড়া মনোভাবের জন্য অন্যের জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলা যাবে না।”
তাৎপর্যপূর্ণভাবে করোনার দ্বিতীয় ঢেউতে ফের দিশাহীন ভারত। বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে লকডাউন। মৃত ও আক্রান্তের সংখ্যা ফের হু হু করে বাড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।
এরই মধ্যে দেশের ৫ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সর্বাধিক দফায় নির্বাচন বাংলায়। হুঁশ নেই রাজনৈতিক নেতা-নেত্রীদের। বড় বড় সভা, মিটিং-মিছিল, হাজার হাজার লোকের ভিড়। গুটি কয়েকের মুখে মাস্ক। প্রার্থীদের মুখেও থাকছে না মাস্ক। ভোট-পরবর্তী বাংলার করোনা পরিস্থিতি কেমন হবে তা ভেবেই শিউরে উঠছে আমজনতা। কিন্তু ভোট বড় বালাই।
রাজনৈতিক মিটিং মিছিলে কোভিডবিধি মানা হচ্ছে না। যে কারণেই রাজ্যে সংক্রমণের হার ঊধ্বর্মুখী। এমনই যুক্তিতে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। নীতীশ দেবনাথ এবং শংকর হালদার নামে দু’জন জনস্বার্থ মামলা দায়ের করেন ২৬ মার্চ। যার প্রেক্ষিতে মঙ্গলবার কড়া নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের বক্তব্য, মিটিং, মিছিলে সকলে করোনাবিধি মানছেন কি না তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি জেলার জেলাশাসকের। প্রয়োজনে জেলাশাসককে পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়ারও নির্দেশে দিয়েছে বিচারপতি বি রাধাকৃষ্ণণ এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।





