WB Election 2021: দ্বিতীয় দফা ভোটের ২৪ ঘণ্টা আগে বিজেপির অভিযোগে সরানো হল হলদিয়ার এসডিপিওকে

আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এর ২৪ ঘণ্টা আগেই হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যকে অপসারিত করল নির্বাচন কমিশন। এরই সঙ্গে সরানো হল মহিষাদলের সার্কেল ইনস্পেক্টর ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকেও।

গত শনিবার ছিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন হলদিয়া ও নন্দীগ্রামের একাধিক পুলিশকর্তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই পুলিশকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা নাকি তৃণমূলকে ভোটে কারচুপি করতে সাহায্য করেছে। হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অভিযোগ করে বিজেপি।

আরও পড়ুন- অভিষেকের সভা শেষে বিজেপি কর্মীদের ওপর হামলা, মহিলাদেরও মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

গেরুয়া শিবিরের অভিযোগ, বরুণ শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোটের ২৪ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিও পদ থেকে বরুণ বৈদ্যকে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁকে নির্বাচনের কোনও কাজে রাখা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্ব পেয়েছেন উত্তম মিত্র।

আবার অন্যদিকে, দ্বিতীয় দফার ভোট রয়েছে মহিষাদল বিধানসভা কেন্দ্রেও। এই কেন্দ্রের সার্কেল ইনস্পেক্টর বিচিত্র বিকাশ রায়কে অপসারিত করেছে নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে মহিষাদলের সার্কেল ইনস্পেক্টরের দায়িত্বভার দেওয়া হয়েছে শীর্ষেন্দু দাসকে। ইনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ইনস্পেক্টর কর্মরত ছিলেন।

আরও পড়ুন- অশোক দিন্দা উপর হামলা তৃণমূলের, বিডিও অফিসে ঢুকে নিজেকে বাঁচালেন বিজেপি প্রার্থী

একইসঙ্গে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকেও নিজের পদ থেকে অপসারিত করেছে কমিশন। ইনি ১০ বছরেরও বেশি সময় ধরে এই অফিসে কর্মরত। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যেন অরিন্দমকে না রাখা হয়। এর পাশাপাশি বালিগঞ্জ কেন্দ্রে রিটার্নিং অফিসারের জন্য তিনজন আধিকারিকের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন।

আরও অন্যান্য খবর