ভোটের আগে থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। এর আগেও নানান বিজেপি কর্মী-সমর্থকদের উপর শাসকদলের হামলার খবর বারবার শিরোনামে উঠে এসেছে। এবার ফের এমন এক ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবা বিধানসভা কেন্দ্র বিপ্রদাসপুরে।
গতকাল, মঙ্গলবার গোসাবায় সভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সভা শেষে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। এই হামলায় গুরুতর জখম হয়েছেন এক বিজেপি কর্মী। অভিযোগের তীর স্বাভাবিকভাবেই গিয়েছে তৃণমূলের দিকে।
আরও পড়ুন- অশোক দিন্দা উপর হামলা তৃণমূলের, বিডিও অফিসে ঢুকে নিজেকে বাঁচালেন বিজেপি প্রার্থী
সূত্রের খবর অনুযায়ী, এদিন অভিষেকের সভার শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মী-সমর্থকরা। আহত বিজেপি কর্মীর নাম দুলাল চন্দ্র খাঁ। বিজেপির অভিযোগ, এদিন কর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছিলেন। ফেরার পথে তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপি কর্মীদের ঘিরে মারধর শুরু করে। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- ভোটে জিততে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলি করছে বিজেপি, বিস্ফোরক দাবী মমতার
এই হামলার ঘটনায় এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। তাঁকে প্রথমে গোসাবার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এই কারণে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই বিজেপি কর্মী। তবে এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।





