আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। আজ, মঙ্গলবার ময়নার তৃণমূলের একটি মিছিল থেকে হামলা করা হয় অশোক দিন্দার গাড়িতে। ইটের আঘাতে তিনি আহত হয়েছেন বলে দাবী করেছেন বিজেপি প্রার্থী। তিনি আরও দাবী করেন যে তৃণমূলের হামলায় বিজেপির এক কর্মীও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
এই বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তাঁর কথায়, এদিন দুপুরে তিনি প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় একটি বাজারে দিতে তৃণমূল সাংসদ নুসরত জাহানের একটি রোড শো যাচ্ছিল।
আরও পড়ুন- ভোটে জিততে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলি করছে বিজেপি, বিস্ফোরক দাবী মমতার
অশোক দিন্দার কথায়, তৃণমূলের মিছিল দেখে তাঁর গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। অশোক দিন্দার দাবী, তাঁর গাড়ির কাঁচ ভেঙে ইটের টুকরো তাঁর ঘাড়ের কাছে এসে লাগে। কোনওক্রমে গাড়ির সিটের নীচে ঢুকে আত্মরক্ষা করেন, এও জানান বিজেপি প্রার্থী। এরপর সামনের বিডিও অফিসে গিয়ে আশ্রয় নেন তিনি।এই হামলায় অশোক দিন্দার গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- শেষমেশ হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপি প্রার্থীর আরও দাবী, তাঁর সঙ্গে থাকা বিজেপি-র এক কর্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি নিজের চিকিৎসা এখনও করাতে পারেননি বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী৷ বলেন, “খুব যন্ত্রণা হচ্ছে৷ কিন্তু শরীরের পিছন দিকে লেগেছে বলে আঘাত কতটা গুরুতর বুঝতে পারছি না। কোনওমতে গাড়ির সিটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছি”।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বেরা। অশোক দিন্দার অভিযোগ, শাহজাহান আলি নামে স্থানীয় এক তৃণমূল নেতার নেতৃত্বেই এই হামলা হয়েছে। প্রচারের শেষ দিনে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে৷ এ দিন তমলুকেও সংঘর্ষে জড়ান তৃণমূল এবং বিজেপি সমর্থকরা।





