অনুব্রতর পর গরু পাচার মামলায় এবার জামিন এনামুল হকেরও, একে একে সকলেরই জেলমুক্তি, তদন্ত নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

একের পর এক যেমন জেলে ঢুকেছিলেন, তেমনই এবার একের পর এক জেল থেকে বেরোচ্ছেন সকলেই। গরু পাচার মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। এবার জামিন পেলেন এই মামলার অন্যতম মূল অভিযুক্ত এনামুল হক। সুপ্রিম কোর্টে তাঁর জামিন মঞ্জুর হয়েছে বলে খবর।

গরু পাচার মামলায় প্রায় আড়াই বছর ধরে জেলে ছিলেন মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হক। তিহাড় জেলে ছিলেন তিনি। শুধুমাত্র এই রাজ্য থেকে বাংলাদেশে গরু পাচারই নয়, হাওয়ালার মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছিল এনামুলের বিরুদ্ধে। ফলে গরু পাচার মামলায় ২০২০ সালে সিবিআই তাঁকে গ্রেফতার করে। আর আর্থিক দুর্নীতির মামলায় ২০২২ ইডির হাতে গ্রেফতার হন তিনি।

ইডির দাবী ছিল, ২০১৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে এনামুলের সঙ্গে বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল। এই সময়ের মধ্যে তারা এনামুলের থেকে ৬ কোটি ১০ লক্ষ টাকা পেয়েছিলেন বলে খবর। এমনকি, এনামুলের বাড়ি থেকে নগদ ৪৫ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল।

২০২০ সালে সিবিআই গ্রেফতার করে এনামুল হককে। সেই মামলায় তিনিও আগেই জামিন পেয়েছিলেন। আর এবার ইডির মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ জামিন মঞ্জুর করল এনামুলের।

আরও পড়ুনঃ ‘দ্রুত ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে…’, হুমকি দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর, তিলোত্তমা কাণ্ডে বিস্ফোরক দাবী আর জি করের চিকিৎসকের  

বলে রাখি, ২০২২ সালে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর এই মামলায় ইডিও গ্রেফতার করে তাঁকে। দু’বছর বাদে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হয়। দুর্গাপুজোর আগেই বীরভূমে ফিরছেন ‘বীরভূমের বাঘ’।

RELATED Articles