বক্তব্যে অসঙ্গতি! ১০ ঘণ্টা জেরার পরও ফের বনিকে তলব ইডি-র, কুন্তলের টাকায় কেনা গাড়ির নথিপত্র নিয়ে যাওয়ার নির্দেশ

গতকাল, বৃহস্পতিবারই দীর্ঘক্ষণ ধরে ইডি (Enforcement Directorate) জেরা করে টলি অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)। তাতেই মিলল না নিস্তার। আগামী মঙ্গলবার ফের বনিকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে নেওয়া টাকা দিয়ে বনি যে গাড়ি কিনেছেন, সেই গাড়ির নথিপত্রও এদিন তাঁকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমেই একের পর এক নাম সামনে এসেছে। এই মামলায় গ্রেফতার করা হয়েছে হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে। তাঁকে জেরা করেই উঠে আসে অভিনেতা বনি সেনগুপ্তের নাম। কুন্তলের ব্যাঙ্কের নথিতে বনির নাম মেলে। এরপরই তাঁকে তলব করে ইডি।

সেই অনুযায়ী গতকাল্ম বৃহস্পতিবার ইডি-র দফতরে যান অভিনেতা। প্রায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে দু’দফায় চলে জেরা। বনি জানিয়েছেন যে কুন্তলের থেকে তিনি যে টাকা নিয়েছিলেন, তা দিয়ে একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন। কুন্তলের ওই টাকার পরিবর্তে একাধিক শো করেছেন তিনি। তবে ইডি-র দাবী, বনির কথায় অসঙ্গতি রয়েছে। সেই কারণে ফের তলব করা হল তাঁকে।

উল্লেখ্য, কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বনি। তবে তিনি গতকালই দাবী করেছিলেন, কুন্তলের থেকে টাকা নিয়ে তিনি যে গাড়িটি কিনেছিলেন, সেটি বিক্রি করা হয়ে গিয়েছে। গতকাল ইডি দফতর থেকে বেরিয়ে আসার পর বনি বেশ আক্ষেপের সুরে বলেন যে তিনি যদি জানতেন যে কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে জড়িত, তাহলে তাঁর থেকে টাকা নিতেন না। তাঁর থেকে টাকা নেওয়া ঠিক হয়নি।

 সূত্রের খবর, বনি নাকি ইডিকে জানিয়েছেন, কুন্তলের বান্ধবী সোমার পার্লার উদ্বোধনে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও গিয়েছিলেন। বনি এও জানিয়েছেন যে তৃণমূল নেতানেত্রীদের মাধ্যমেই তাঁর যোগাযোগ হয়েছিল কুন্তলের সঙ্গে।

RELATED Articles