দুর্নীতির অন্ত নেই! গ্রুপ সি-র ৯০ শতাংশ উত্তরপত্রেই কারচুপি, স্বীকার এসএসসি-র, চাকরি বাতিল হতে পারে তিন হাজারেরও বেশি প্রার্থীর

আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের এসএসসি গ্রুপ-সি নিয়োগের উত্তরপত্র প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গতকাল, বৃহস্পতিবার ৩,৪৭৭ জনের উত্তরপত্র প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। দেখা যাচ্ছে, এর মধ্যে ৩,১১৫ জনের উত্তরপত্রেই কারচুপি করা হয়েছে। বাকি উত্তরপত্র ঠিকঠাক।

২০১৬ সালে গ্রুপ সি নিয়োগে উত্তরপত্রে কারচুপি হয়েছে বলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন যাতে গ্রুপ সি-র ৩,৪৭৭ জনের উত্তরপত্র ফের পরীক্ষা করা হয়। ৯ই মার্চের মধ্যে উত্তরপত্র প্রকাশের নির্দেশ দেন বিচারপতি।

সেই নির্দেশ অনুযায়ীই গতকাল নিজেদের ওয়েবসাইটে ৩,৪৭৭ জনের উত্তরপত্র প্রকাশ করে কমিশন। আর তারপরই সামনে আসে আসল সত্যি। এদের মধ্যে ৩,১১৫ জনের উত্তরপত্রে কারচুপি ধরা পড়েছে। সূত্রের খবর, এদের মধ্যে অন্তত ৭০ জনের নম্বর কমানো হয়েছে।

এই তালিকা সামনে আসতেই ফের বড় সংখ্যার প্রার্থীদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রায় ৩০০০-এরও বেশি প্রার্থীর চাকরি বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টি নির্ভর করছে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর।

RELATED Articles